ঢাকা
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৫
logo
প্রকাশিত : মে ১৭, ২০২৬

ঈদযাত্রা: ট্রেনের শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি চলছে

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রোববার (১৭ মে) বিক্রি হচ্ছে ঈদযাত্রার শেষ দিনের টিকিট। অর্থাৎ, ২৭ মে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট।যাত্রীদের সুবিধার্থে এবং কালোবাজারি রোধে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সার্ভারের ওপর চাপ কমাতে অঞ্চলভেদে পৃথক টিকিট বিক্রি করা হচ্ছে। রোববার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে পাওয়া যাবে।

রেলওয়ে বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। আন্তঃনগর ট্রেনের ২৩ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে গত ১৩ মে, ২৪ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৪ মে, ২৫ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৫ মে এবং ২৬ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৬ মে। রোববার বিক্রি হচ্ছে ২৭ মে’র অগ্রিম টিকিট।

এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হবে।

অপরদিকে, ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ২১ মে থেকে। ওইদিন বিক্রি হবে ৩১ মে’র টিকিট। ২২ মে বিক্রি হবে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের টিকিট।

এক্ষেত্রে একজন যাত্রী ঈদযাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং এক দফায় সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে অগ্রিম যাত্রার এ টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না। প্রতিটি টিকিট বিক্রির ক্ষেত্রে যাত্রীর জাতীয় পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের কথা বিবেচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা রেখেছে। যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট বিক্রি করা হবে। ফলে তাৎক্ষণিক প্রয়োজনে যাত্রীরা বিকল্প উপায়ে ভ্রমণের সুযোগ পাবেন।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৮ মে ধরে এ ট্রেন চলাচলের সময়সূচি ও পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নির্বিঘ্নে টিকিট কাটতে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram