

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ সানুহার-ধামুরা সড়কের দীর্ঘদিনের বেহাল দশা নিরসন ও দ্রুত সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী।
রবিবার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী ঈদগাহ বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। প্রায় এক ঘণ্টা সড়কে যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় সড়ক সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থী ও স্থানীয়রা। কর্মসূচিতে মশিউর রহমান, ইয়াছিন ফরাজী, হিমেল, সামিয়া তালুকদারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
স্থানীয়দের ভাষ্য, ঢাকা-বরিশাল মহাসড়ক-সংলগ্ন সানুহার-ধামুরা সড়কটি উজিরপুরের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজারো মানুষ যাতায়াত করলেও তাদের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। বিশেষ করে ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচলে ভোগান্তি সবচেয়ে বেশি।
সড়কের এই দুরবস্থার সরাসরি প্রভাব পড়েছে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। শিক্ষার্থীদের প্রতিদিন কাদা-পানি ও গর্ত পেরিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে। যানবাহনের ধীরগতির কারণে যাতায়াতে অতিরিক্ত সময় লাগছে। রোগী বহনকারী যানবাহনসহ জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষও পড়ছেন বিড়ম্বনায়। সড়কের বিভিন্ন স্থানে গর্ত থাকায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। একই সঙ্গে সড়কের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী ঈদগাহ বাজারের ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। পণ্য পরিবহন ও ক্রেতাদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হওয়ায় বাজারের ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সড়কটির সংস্কার প্রসঙ্গে উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, সড়ক সংস্কারের জন্য এর আগে বরাদ্দ দেওয়া হয়েছিল এবং টেন্ডারও সম্পন্ন হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করতে আগ্রহী না হওয়ায় সে সময় সংস্কারকাজ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বর্তমানে সড়কটির সংস্কারের জন্য পুনরায় টেন্ডার করা হয়েছে। অচিরেই সংস্কারকাজ শুরু হবে বলে জানান তিনি।
এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, সড়কটি সংস্কারের প্রক্রিয়া চলছে এবং আগামী সেপ্টেম্বর মাসেই সংস্কারকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে দীর্ঘদিনের দুর্ভোগে থাকা স্থানীয়দের মধ্যে শুধু আশ্বাসে আস্থা ফিরছে না। তাদের অভিযোগ, এর আগেও একাধিকবার সড়ক সংস্কারের কথা বলা হলেও বাস্তবে কাঙ্ক্ষিত কাজ হয়নি। ফলে এবার দ্রুত সংস্কারকাজ শুরু করে তা যথাযথভাবে শেষ করার দাবি জানিয়েছেন তারা। স্থানীয়দের মতে, সানুহার-ধামুরা সড়কটি শুধু একটি স্থানীয় সড়ক নয়, এটি আশপাশের কয়েকটি এলাকার মানুষের দৈনন্দিন যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রধান মাধ্যম। তাই জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিশ্রুত সময় অনুযায়ী দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরু ও সম্পন্ন করার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
