

জ্বালানি সংকট একটা সমস্যা, এটা আমাদের সরকারের তৈরি নয়। তবে, ডিমান্ড ম্যানেজমেন্টে বেশ কিছু প্রবলেম হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা প্রথম দিনই অনুরোধ করেছিলাম যে আমরা আসুন জনকল্যাণে কথা বলি। পরস্পরকে দোষারোপ কিংবা ক্যারেক্টার এসাসিনেশন আমরা ওইদিকে না যাই। সরকারি দলও গঠনমূলক হোক, আমরাও গঠনমূলক হই । জ্বালানি সংকট একটা সমস্যা। আমরা আগেই বলেছি যে এটা আমাদের সরকারের তৈরি নয়। কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্টে বেশ কিছু প্রবলেম হয়েছে।
তিনি আরও বলেন, সতর্কতার জন্য জ্বালানি রেশনিং করা ভালো। তবে জ্বালানি নিয়ে সুযোগ সন্ধানীদের পাকড়াও করুন। যারা অসৎ তারা কোন দলের হতে পারে না। এই সমস্ত সুযোগ সন্ধানীদেরকে সামান্য কোনো সুযোগ দেওয়া উচিত নয়।
জ্বালানি সংকট নিরসনে সরকারি দল ও বিরোধীদল মিলে যৌথভাবে পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, যৌথভাবে এটি করলে জনগণের মাঝে টেকসই গণতন্ত্রের ধারণা পৌঁছাতো এবং মানুষ আশান্বিত হতো। তখন রাষ্ট্রের জনগণের মনোভাবও ইতিবাচক হতো।
পাশাপাশি, সরকার যদি জ্বালানি সংকট নিরসনে কোন যৌথ কমিটি গঠনের উদ্যোগ নেয় তাতে বিরোধীদল ইতিবাচক সারা দেবে বলেও জানান বিরোধীদলয়ী নেতা।

