ঢাকা
logo
প্রকাশিত : November 10, 2026

আবাসনের সরকারি ঘর বিক্রি: স্বামীকে সর্বশান্ত করে পরকীয়া প্রেমিকের সাথে উধাও স্ত্রী

​মামুন মোল্লা, চুয়াডাঙ্গা প্রতিনিধি: যে স্ত্রীকে নিয়ে সুখের সংসার গড়ার স্বপ্ন দেখেছিলেন কাঠমিস্ত্রী ফিরোজ আলী, সেই স্ত্রীই আজ তাকে ঘরছাড়া করে পথে ভাসিয়েছেন। দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আবাসন প্রকল্পে সরকারের বরাদ্দকৃত পাকা ঘর থেকে প্রকৃত সুবিধাভোগী ফিরোজ আলীকে তাড়িয়ে দিয়ে অননুমোদিতভাবে অন্যজনকে সেখানে বসবাস করতে দেওয়ার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্ত্রী পারভীন আক্তারের বিরুদ্ধে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে দামুড়হুদা উপজেলার সুবুলপুর গ্রামের পারভীন আক্তারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফিরোজ আলী। দীর্ঘ ১১ বছর সংসার করার পর ২০২৩ সালে সরকার থেকে তাদের নামে একটি পাকা ঘর বরাদ্দ দেওয়া হয়। এতদিন তারা একসাথেই সেই ঘরে বসবাস করে আসছিলেন। তবে সম্প্রতি ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে পারভীন আক্তার স্বামী ফিরোজকে তালাক দিয়ে দবির নামের এক যুবকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

​অভিযোগ রয়েছে, বিয়ের পর পারভীন আক্তার জোরপূর্বক ফিরোজ আলীকে নিজ বরাদ্দকৃত ঘর থেকে বের করে দেন। শুধু তাই নয়, উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই আইন লঙ্ঘন করে টাকার বিনিময়ে হাসমতউল্লাহ নামের এক ব্যক্তির স্ত্রীকে ওই ঘরে থাকার ব্যবস্থা করে দেন তিনি।

​বর্তমানে গৃহহীন হয়ে পড়া ফিরোজ আলী মাঝবয়সে একটি ব্যাগ হাতে নিয়ে পথে পথে দিনযাপন করছেন। যেখানে কাজ পান, সেখানেই রাত কাটান তিনি।

​নাম প্রকাশে অনিচ্ছুক আবাসন প্রকল্পের এক বাসিন্দা জানান, "ফিরোজ ও পারভীন দীর্ঘদিন এ ঘরেই ছিল। কিন্তু দবিরকে বিয়ের পর ফিরোজকে তাড়িয়ে দেওয়া পারভীনের ঠিক হয়নি। সরকার তো স্বামী-স্ত্রী দুজনের নামেই ঘর দেয়। এছাড়া প্রশাসনের নিয়ম তোয়াক্কা না করে টাকার বিনিময়ে অন্য কাউকে ঘরে তোলা সম্পূর্ণ বেআইনি।"

​এ বিষয়ে সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অনিয়মে জড়িত পারভীন আক্তারকে আইনের আওতায় আনা এবং প্রকৃত মালিক ফিরোজ আলীকে ঘরে পুনর্বাসনের জন্য উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন জানান, সরকারি ঘরের বরাদ্দ নিয়ে কোনো ধরনের অনিয়ম করার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram