

মো. আলমগীর মিয়া, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে গৃহীত প্রায় ২২টি উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যদের হাতে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় সরাইল উপজেলা ডাকবাংলোতে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট পিআইসি কমিটির সদস্যদের হাতে প্রথম কিস্তির চেক তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ নুরুজ্জামান লস্কর তপু, সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল করিম রিপন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, জেলা পরিষদের অর্থায়নে গৃহীত প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজ স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন করতে হবে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, অবহেলা কিংবা কাজে গাফিলতি বরদাশত করা হবে না। সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় জনকল্যাণমূলক ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে জেলা পরিষদের অর্থায়নে এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রথম কিস্তির চেক হস্তান্তরের মধ্য দিয়ে প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
