ঢাকা
logo
প্রকাশিত : March 12, 2026

সংসদ অধিবেশনে আমন্ত্রণ পেলেন গুলিবিদ্ধ নাফিজকে বহনকারী রিকশাচালক

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ শিক্ষার্থী গোলাম নাফিজকে বহনকারী রিকশাচালক নূর মোহাম্মদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন।

বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ ভবনে গিয়ে আমন্ত্রণপত্র সংগ্রহ করেন নূর মোহাম্মদ। ফোন করে তাকে এ বিষয়ে জানানো হয়েছিল।

নূর মোহাম্মদ জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিতব্য সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ জন্য তিনি জাতীয় সংসদ ভবন থেকে আমন্ত্রণপত্রও সংগ্রহ করেছেন।

তিনি বলেন, এটি তার জীবনের বড় পাওয়া।

নূর মোহাম্মদ সেই রিকশাচালক, যার রিকশার পাদানিতে গুলিবিদ্ধ নাফিজের ছবি ২০২৪ সালের অগাস্টে দেশজুড়ে আলোড়ন তুলেছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ অগাস্ট বিকাল সাড়ে ৪টার দিকে ফার্মগেট ফুটব্রিজের নিচে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ।

গুলিবিদ্ধ নাফিজকে পুলিশ যখন রিকশার পাদানিতে তুলে দেয়, তখনও তিনি রিকশার রডটি হাত দিয়ে ধরে রেখেছিলেন। রিকশাচালক তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি এই শিক্ষার্থীকে।

রিকশার পাদানিতে গুলিবিদ্ধ কিশোরের নিথর দেহের ছবি সেসময় বহু মানুষের মর্ম স্পর্শ করেছিল।

নাফিজকে বহনকারী সেই রিকশাটি পরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্থান পায়। ২০২৪ সালের ৭ নভেম্বর রিকশাটি স্মৃতিচিহ্ন হিসেবে জাদুঘরে হস্তান্তর করা হয়। সে সময় উপদেষ্টা মো. নাহিদ ইসলাম রিকশাচালক নূর মোহাম্মদকে তার সাহসিকতার জন্য ধন্যবাদ জানান এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন।

একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর নূর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি তখন বলেন, রিকশাটি ৩৫ হাজার টাকায় লন্ডনপ্রবাসী আহসানুল কবীর সিদ্দিকী কায়সারের কাছে বিক্রি করেছেন। পরে সেটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে হস্তান্তর করা হয়।

নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের পথ পেরিয়ে প্রায় ২০ মাস পর সংসদ বসছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram