

মোঃ আলমগীর মিয়া, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের দায়ে ৭ জনকে ৪০ দিনের কারাদণ্ড দিয়েছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত ১টি ড্রেজার মেশিন ও ১টি বাল্কহেড জব্দ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের চর কাকরিয়া এলাকায় মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আটককৃতরা হলেন, রাহাত (১৭), মো: আলামিন (২৫), হৃদয় (১৮), কামাল (৫০), আবুল কাসেম (৪০), মো: ফুরকান মিয়া (৩৩), আওলাদ হোসেন (২৮)।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, নদী থেকে অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ব্যাপারে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর।
তিনি বলেন, বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৪০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
