

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অসহনীয় লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুরে আট দফা দাবিতে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
শিক্ষার্থীরা জানান, পলিটেকনিকে পর্ব সমাপনী পরীক্ষা চললেও অতিরিক্ত ও অঘোষিত লোডশেডিংয়ে পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে। তারা পরীক্ষা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ এবং বারঘরিয়া পলিটেকনিক সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন পলিটেকনিকের শিক্ষার্থী মাসুম বিল্লাহ ও রিপন আলী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাহিম। কর্মসূচিতে কয়েকশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
