

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া থেকে মায়ানমারে পাচারের সময় এক হাজার ৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার মৌলভীচরের সন্নিকটে মেঘনা নদী থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি স্টিল বডি বাল্কহেড জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মৃত আবদুস সাত্তারের ছেলে মো. আবু তাহের (৫৭), ভোলার সদর উপজেলার জয়নাল ব্যাপারীর ছেলে মো. আলাউদ্দিন (৪২) ও একই এলাকার ছিদ্দিক ব্যাপারীর ছেলে মো. নিরব (৩৫)।
এ বিষয়ে বিসিজি দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে: সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে কোস্ট গার্ডের একটি অভিযান চালয়। এসময় সন্দেহভাজন বাল্কহেডটি তল্লাশি করে এসব সিমেন্ট পাওয়া যায়। অনুসন্ধান করে দেখা গেছে, ওইসব সিমেন্ট তারা মায়ানমারে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল।
তিনি বলেন, আটক ব্যক্তিদেরকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোস্ট গার্ড বাদী হয়ে হাতিয়া থানায় মামলা দায়ের করেন।
