

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর বাজার এলাকার সড়কে চলাচলে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। পাকা রাস্তা ভেঙ্গে ছোট-বড় অনেকগুলো গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে কাদার সৃষ্টি হয়। ফলে অনেকটা ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। দীর্ঘদিন যাবৎ এই অবস্থার সৃষ্টি হলেও সড়ক কর্তৃপক্ষ এখনো গর্ত পূরণ করে রাস্তাটি চলাচলের উপযোগী করার কাজে হাত দেয়নি।
বগুড়া জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ী থেকে শুরু হয়ে ধুনট ভায়া শেরপুরগামী এই রাস্তা দিয়ে সাধারণ যানবাহনের পাশাপাশি প্রতিদিন যমুনা থেকে বালু বোঝাই একশ থেকে দেড়শ বড় বড় ট্রাক চলাচল করে। হরিনাথপুর বাজার এলাকায় পাকা পিচ উঠে তৈরি হওয়া গর্তের কাদায় এই ট্রাকগুলি মাঝেমধ্যেই আটকে গিয়ে দুর্ঘটনাও ঘটেছে অনেক। বৃষ্টির দিনে এই বাজারের দেড়শ মিটার রাস্তায় সৃষ্ট গর্তে অটোরিক্সা, ভ্যানগাড়ি উল্টে বহু মানুষ হতাহতও হচ্ছে। গর্তগুলোতে কাদা একবারে থলথল করে। ফলে সাধারণ মানুষের হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
সড়কের বেহাল অবস্থায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবসায়ী, পথচারী, শিক্ষক-শিক্ষার্থী ও যানবাহন চালকরা। সরেজমিনে দেখা যায়, বাজারের ভেতরের সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে রয়েছে। বৃষ্টির দিনে পিচঢালাই সড়কের ওপর কাদা জমে পিচ্ছিল হয়ে যায়। অন্যদিকে বৃষ্টি না থাকলে ওইসব গর্তে জমে থাকা ধুলাবালি উড়ে আশপাশের দোকানপাট ও পথচারীদের দুর্ভোগ বাড়ায়। বিশেষ করে মালামাল বহনকারী যানবাহনগুলোকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। গর্তে জমে থাকা পানির কারণে সড়কের প্রকৃত অবস্থা বোঝা কঠিন হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই বাজার সড়কটির এমন অবস্থা দীর্ঘদিন ধরে চললেও প্রয়োজনীয় সংস্কার ও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিনই দুর্ভোগের শিকার হচ্ছেন ব্যবসায়ী, ক্রেতা, শিক্ষক-শিক্ষার্থী, পথচারী ও এলাকাবাসী।
হরিনাথপুর বাজার এলাকার জাহিদ হাসান জানান, আমরা এখন বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। কিন্তু কে শোনে কার কথা। সড়কের কাদা পানি আর শুকালে ধুলোবালিতে নাকাল আমরা।
আমিনা মনসুর কলেজের শিক্ষার্থী রায়হান মিয়া জানান, প্রতিদিন এই রাস্তা দিয়ে আমাদের কলেজে যেতে হয়। বইখাতা নিয়ে একদিন এই গর্তে পড়েও গেছিলাম।
কাজিপুর উপজেলা প্রকৌশলী মনসুরুল হক জানান, রাস্তাটি ধুনট এলজিইডির হওয়ায় আমরা সেখানে কাজ করতে পারছি না।
ধুনট উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন জানান, রাস্তাটির টেন্ডার হয়েছে। কিন্তু নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ঠিকাদার এখনো কাজ শুরু করেনি। তবে শীঘ্রই কাজ করা হবে।
