ঢাকা
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫৯
logo
প্রকাশিত : জানুয়ারি ২১, ২০২৬

কড়াইল বস্তিবাসীকে ফ্ল্যাট দেয়ার আশ্বাস তারেক রহমানের

রাজধানীর কড়াইল বস্তিতে কাঁচা ঘরে বসবাসকারীদের জন্য পাকা দালান নির্মাণ করে ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে সেখানে বসবাসকারীদের নামে রেজিস্ট্রি করে ফ্ল্যাট দেওয়া হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান উপস্থিত ছিলেন।

কড়াইলবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, আমি জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান। কিন্তু এই পরিচয়ের চেয়েও বড় পরিচয় হলো—আমি আপনাদেরই সন্তান। আমি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি। ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।

তারেক রহমান বলেন, আমরা আপনাদের জন্য রাজনীতি করি। এর আগেও আমাদের দল যতবার দেশ পরিচালনা করেছে, মানুষের কাছে যে জবান দিয়েছে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি সেই জবান রক্ষা করার জন্য।

কড়াইল বস্তিবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, আপনারা যে কষ্টে আছেন, সেই কষ্ট ধীরে ধীরে দূর করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় বিল্ডিং করব এবং যারা এখানে থাকেন, তাদের নামে রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়া হবে।

পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নেও উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, কড়াইলে শিশুদের জন্য মানসম্মত স্কুল, খেলাধুলার জন্য মাঠ এবং এলাকার মধ্যেই ক্লিনিক ও হাসপাতাল গড়ে তোলা হবে।

তারেক রহমান বলেন, “আপনাদের চিকিৎসার জন্য দূরে যেতে হবে না। ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই।”

তিনি বলেন, খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় মা-বোনদের শিক্ষার প্রসারে বিনা মূল্যে নানা উদ্যোগ নিয়েছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশবাসী বহুভাবে উপকৃত হয়েছে।

সবাই যেন আল্লাহর দরবারে একসঙ্গে হাত তুলে দেশের কল্যাণ কামনা করেন— তিনি দেশবাসীর প্রতি এ আহ্বান জানান।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, মা-বোনদের স্বাবলম্বী করা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই। কৃষকদের জন্যও ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। আপনারা যদি আমাদের সুযোগ দেন, আমরা এই ব্যবস্থাগুলো বাস্তবায়ন করব।

নিজের অতীত স্মৃতিচারণা করে তারেক রহমান জানান, তিনি একসময় ক্যান্টনমেন্ট এলাকায় থাকতেন। সেই বাড়ি যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, তিনি তা ভুলে যাননি। এসব অভিজ্ঞতা থেকেই সাধারণ মানুষের কষ্ট তিনি অনুভব করেন এবং করাইলবাসীর জন্য কাজ করতে চান।

তিনি আরও বলেন, কড়াইলবাসীর ওপর কেউ নির্যাতন বা অন্যায় করলে ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি মহান মুক্তিযুদ্ধ এবং ‘২৪-এর আন্দোলনে’ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে করাইলবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আল্লাহ যদি রহম করেন এবং আপনারা দোয়া করেন, তাহলে আমরা এসব কাজ বাস্তবায়ন করতে পারব।

আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা–১৭ আসন থেকে প্রার্থী হয়েছেন তারেক রহমান। কড়াইল বস্তি এই আসনের অন্তর্ভুক্ত। প্রতীক বরাদ্দ শেষে ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram