ঢাকা
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০৩
logo
প্রকাশিত : জানুয়ারি ১৯, ২০২৬

আমার ৩ শিশু কন্যাকে দেখে রাইখেন: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৪টা ৩৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লেখেন, শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত, ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যে ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি, তা প্রতিষ্ঠিত করবেন এবং আমার ৩ শিশু কন্যাকে একটু দেখে রাখবেন।

এদিকে, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়ার অভিযোগে মুফতি আমির হামজার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার বটতৈল মোড় থেকে একটি মিছিল বের হয়ে চৌড়হাস এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নারীরা মুফতি আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, একজন আলেম হিসেবে মুফতি আমির হামজার এ ধরনের বক্তব্য দেওয়া অনভিপ্রেত। তারা দাবি করেন, কোনো মৃত ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য একজন আলেমের কাছ থেকে গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আরাফাত রহমান কোকোকে নিয়ে মুফতি আমির হামজার দেওয়া একটি ২৪ সেকেন্ডের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

সমালোচনার মুখে মুফতি আমির হামজা এক ফেসবুক পোস্টে ব্যাখ্যা দিয়ে জানান, উক্ত বক্তব্যটি ২০২৩ সালে দেওয়া হয়েছিল। তিনি লেখেন, মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিল ২০২৩ সালের। একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণ দিতে ভুল করায় আমি তখনই দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারও দুঃখ প্রকাশ করছি। তবে পুরোনো বক্তব্যকে নির্বাচনকালীন বক্তব্য হিসেবে উপস্থাপন করে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে।

ঘটনাটি নিয়ে কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজর রাখছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram