ঢাকা
logo
প্রকাশিত : August 11, 2025

উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ সাত্তারের ব্যক্তিগত, বিএনপির নয়: ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপরের বিএনপির পূর্ণ আস্থা রয়েছে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাবেক একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সরকারের ৮ উপদেষ্টার ‘সীমাহীন দুর্নীতির’ প্রমাণ নিজের কাছে রয়েছে দাবি করার পর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। ঠিক এমন পরিস্থিতিতেই সরকারের উপদেষ্টাদের ওপর আস্থার কথা জানালেন মির্জা ফখরুল।

শনিবার (১০ আগস্ট) দিবাগত রাতে বাসসকে দেওয়া প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

আবদুস সাত্তারের বক্তব্যের বিষয়টি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমি বলতে চাই, হুইচ ইজ নট আওয়ার্স। এটার সঙ্গে আমাদের (বিএনপি) কোনো সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টাসহ এই অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের ওপর আস্থা, তাদের ইনটিগ্রিটির (সততা) ওপর আমরা আস্থা রাখি।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই বক্তব্যের দায় সম্পূর্ণভাবে ওনার (আবদুস সাত্তার) নিজের। দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

উল্লেখ্য, আবদুস সাত্তার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে ২০১৫ সাল থেকে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে দলের একাধিক দায়িত্বশীল সূত্র। তিনি আওয়ামী লীগের আমলে যুগ্ম সচিব হিসেবে অবসরে যান। অন্তর্বর্তী সরকার আসার পর তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে সচিব করা হয়। আওয়ামী লীগের পতনের পর আবদুস সাত্তার অফিসার্স ক্লাবের (সরকারি কর্মকর্তাদের ক্লাব) সাধারণ সম্পাদক হন। তিনি বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি পদেও রয়েছেন।

মূলত জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি প্রভাবশালী হয়ে ওঠেন।

সবশেষ গত শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এক সেমিনারে কয়েকজন উপদেষ্টার দুর্নীতি নিয়ে আবদুস সাত্তার বক্তব্য দেন। ‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন’ শীর্ষক সেমিনারটি আয়োজন করে প্রশাসন ক্যাডারদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

সেখানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানসহ বেশ কয়েকজন আমলা সেখানে বক্তব্য দেন। দর্শক সারিতে প্রশাসনের বিভিন্ন স্তরের বহু কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এমন পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সরকারের অবস্থান পরিষ্কার করে শনিবার একটি বিবৃতি গণমাধ্যমে পাঠায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে; যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আবদুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। আমরা এই অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাওভাবে অভিযোগ করা দায়িত্বজ্ঞানহীন এবং জন আস্থার জন্য ক্ষতিকর।’

ওই বিবৃতিতে আবদুস সাত্তারের কাছে সব প্রমাণ যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিতে আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের প্রশাসন স্বচ্ছতা, সততা এবং জবাবদিহির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যদি আবদুস সাত্তারের কাছে কোনো অসদাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে, আমরা তাঁকে যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে তা দ্রুত জমা দেওয়ার আহ্বান জানাই।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram