

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী প্রধান ডাকঘরে (পোস্ট অফিস) আমানতের টাকা জমা রেখে প্রতারণার শিকার হয়েছেন ১০৪ জন গ্রাহক। পোস্টমাস্টারসহ সংশ্লিষ্ট অন্যদের যোগসাজশে গ্রাহকদের প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি জানাজানি হওয়ার প্রায় চার মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো টাকা ফেরত পাননি ভুক্তভোগীরা। এ ঘটনায় পরবর্তী সময়ে আদালতে মামলা দায়ের করেন গ্রাহকরা। ওই মামলায় শুনানিতে হাজির হলে মাষ্টারসহ সাতজনকে গ্রেপ্তার দেখানো হয় এবং অপর ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালতের বিচারক।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশমুখে আত্মসাতের টাকা ফেরত, গ্রেপ্তারকৃত আসামিদের জামিন না দেওয়া এবং পরোয়ানাভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগী গ্রাহকরা। মানববন্ধন শেষে তাঁরা আদালতের সামনের সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
ভুক্তভোগী গ্রাহকরা বলেন, রাজবাড়ী পোস্ট অফিসে তাঁদের ১০৪ জনের জমা রাখা প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন পোস্টমাস্টার বিকাশ চন্দ্র, লেটার রাইটার শিহাবসহ সংশ্লিষ্ট অন্যরা। বিষয়টি জানাজানি হওয়ার পর আন্দোলন করলে টাকা ফেরতের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও তাঁরা একটি টাকাও ফেরত পাননি। অনেক কষ্ট করে তাঁরা এই টাকা জমা করেছিলেন।
তাঁরা আরও বলেন, এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় সাতজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃত আসামিরা যেন জামিন না পান এবং মামলার প্রধান আসামি পোস্টমাস্টার বিকাশ চন্দ্র ও লেটার রাইটার শিহাব মৃধাসহ অন্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তাঁদের আত্মসাৎ হওয়া টাকা দ্রুত ফেরতের ব্যবস্থা করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী গ্রাহক সফিক, সোনালী সরকার, ফরিদা পারভীনসহ অনেকে।
জানা গেছে, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রাজবাড়ী প্রধান ডাকঘরে আমানত জমা রাখতে গিয়ে প্রতারণার শিকার হন ১০৪ জন গ্রাহক।
অভিযোগ অনুযায়ী, তৎকালীন পোস্টমাস্টার বিকাশ চন্দ্রসহ অন্যদের যোগসাজশে লেটার রাইটার শিহাব গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে সাদা স্লিপ দিলেও সেই অর্থ পোস্ট অফিসের কোষাগারে জমা করেননি। বিষয়টি জানাজানি হলে অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে ভুক্তভোগী গ্রাহক ও ডাক বিভাগের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
