ঢাকা
logo
প্রকাশিত : November 11, 2026

বরিশালে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজের ক্রেন

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালে কীর্তনখোলা নদীতে নোঙর করা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’- এর সামনের ক্রেনের (বুম) একটি অংশ ভেঙে পড়েছে। এতে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের একটি বার্জ (পন্টুন) ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের দাবি, যান্ত্রিক ও কারিগরি ত্রুটির কারণে ক্রেনটির সামনের অংশ ভেঙে পড়ে।

জাহাজ সংশ্লিষ্টরা জানান, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে বুধবার সকালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন পরিচালনার কাজ চলছিল। সকাল সাড়ে ৯টার দিকে কাজ শুরুর মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে হঠাৎ ক্রেনের সামনের একটি অংশ ভেঙে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর মাস্টার মো. আলমগীর বলেন, প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও নিয়মিত কাজ চলছিল। ক্রেনটি ধীরে ধীরে নিচে নামানোর সময় হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেয়। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তাঁরাও বুঝতে পারেননি। ঘটনার সময় জাহাজের এক কর্মী আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেন। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।

জাহাজটির কমান্ডার আব্দুল্লাহ আল বাকী বলেন, ক্ষতিগ্রস্ত উদ্ধারকারী জাহাজ ও ভেঙে পড়া ক্রেন উদ্ধারে কর্তৃপক্ষ তৎপরতা শুরু করেছে। এ জন্য নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর আরেকটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ বরিশালের উদ্দেশে রওনা হয়েছে।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সেলিম মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্রেনটি ভেঙে পড়ে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের একটি বার্জ (পন্টুন) কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ চলছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। তিনি সাংবাদিকদের বলেন, এ ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পৃথক তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যাবে।

২০১৩ সালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ বরিশালের কীর্তনখোলা নদীর তীরে বিআইডব্লিউটিএর ঘাটে স্থানান্তর করা হয়। ২৫০ টন ধারণক্ষমতার এ উদ্ধারকারী জাহাজটি বড় ধরনের দুর্ঘটনা ছাড়া সাধারণত চলাচল করে না।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram