ঢাকা
logo
প্রকাশিত : November 11, 2026

টেকনাফে বিজিবি টহল দলের ওপর হামলা, যৌথ অভিযানে আটক ৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনকালে বিজিবির একটি বিশেষ টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হয়েছেন। হামলাকারীদের ছোড়া ইটপাটকেলে টহল দলের ব্যবহৃত পিকআপের তিনটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে টেকনাফ উপজেলার ওলিয়াবাদ মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধে নিয়োজিত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর এক প্লাটুন বিশেষ টহল দলের ওপর একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে এক বিজিবি সদস্য আহত হন। পাশাপাশি টহল দলের ব্যবহৃত পিকআপের পেছনের দরজাসহ মোট তিনটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে হামলার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লানপাড়া এলাকার ফজল আহাম্মদের ছেলে খোরশেদ আলম (২৫), জাফর আলমের ছেলে আকিব (২২) এবং মার্কিন মিয়ার ছেলে আব্দুল গফুর (১৯)।

বিজিবি জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে পুলিশ ও এসআরবির সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “সীমান্ত এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিজিবির সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।”

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি গাড়ি ভাঙচুর এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram