ঢাকা
logo
প্রকাশিত : August 6, 2025

প্রায় শতকোটি টাকা হারানোর শঙ্কায় দিশেহারা ব্যবসায়ীরা

উড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ের বাংলাদেশি প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’ বন্ধ হয়ে গেছে। আচমকা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন দেশের ছোট ও মাঝারি টিকিট বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। টিকিট বাবদ ফ্লাইট এক্সপার্টকে পরিশোধ করা টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় তারা।

গত শনিবার (২ আগস্ট) ফ্লাইট এক্সপার্ট বন্ধ হওয়ায় শতাধিক ছোট-মাঝারি টিকিট বিক্রেতা প্রতিষ্ঠানের শতকোটি টাকা আটকে যায়। এ টাকা ফেরত পেতে দিশেহারা টিকিট বিক্রেতা প্রতিষ্ঠানের মালিকরা। এর মধ্যে অনেকে টাকা ফেরত পেতে ঢাকার মতিঝিল থানায় মামলা করেন। এখন পর্যন্ত এ মামলায় তিনজন কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালমান বিন রশিদ সায়েম কানাডা পালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।

ফ্লাইট এক্সপার্ট দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের টিকিট বুকিং, হোটেল রিজারভেশন (কক্ষ সংরক্ষণ), ট্যুর প্যাকেজ ও ভিসা প্রক্রিয়াকরণের মতো সেবা দিতো। বিশেষ করে কম খরচে সহজে টিকিট বুকিংয়ের সুবিধার কারণে প্ল্যাটফর্মটি জনপ্রিয় ছিল। এ কারণে দেশের ছোট-বড় টিকিট বিক্রেতা প্রতিষ্ঠানগুলো ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট কাটতো।

তবে ফ্লাইট এক্সপার্ট অতিরিক্ত কমিশন ছাড়ের অসুস্থ প্রতিযোগিতায় জড়িয়ে পড়েছিল এবং গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে বলে আগেই সতর্ক করেছিল ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। কিন্তু আটাবের এ বার্তা কেউ আমলে নেয়নি। উল্টো সোমবার (৪ আগস্ট) আটাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে দেশ-বিদেশের উড়োজাহাজের টিকিট বিক্রি নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।

আমরা হাজারো এজেন্সি ও লাখো গ্রাহক ফ্লাইট এক্সপার্টের সঙ্গে দীর্ঘদিন আর্থিক লেনদেন করে ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু ২ আগস্ট সকাল থেকে শুনি তারা আমাদের ৫-৬ হাজার কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করে বিদেশে পালিয়ে গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে অপরাধীদের বিচার চাই।- সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. বিপুল সরকার

ফ্লাইট এক্সপার্ট প্রতিষ্ঠা করা হয় ২০১৬ সালে। পরের বছর অনলাইন ট্রাভেল এজেন্সির (ওটিএ) কার্যক্রম শুরু করে। গত সাত-আট বছর ধরে অনলাইনে ট্রাভেল এজেন্সি হিসেবে ব্যবসা পরিচালনা করছিল। অতিরিক্ত কমিশন ছাড়ের অসুস্থ প্রতিযোগিতায় কয়েকটি অনলাইন ট্রাভেল এজেন্সির মতো তারাও জড়িয়ে পড়ে। প্রতি টিকিটে বাজারমূল্যের চেয়ে তিন থেকে পাঁচ হাজার, ক্ষেত্রবিশেষে আরও বেশি ছাড় দেওয়ার একটি অসুস্থ প্রতিযোগিতায় জড়ায়। গত ২ আগস্ট প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা অংশীদার ও সিইও সালমান বিন রশিদ শাহ সায়েম হঠাৎ করেই অফিস তালাবদ্ধ রেখে এবং ওয়েবসাইট অকার্যকর করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা যায়।

প্রতিষ্ঠানটি বন্ধের খবরে শোরগোল তৈরি হয়। টিকিট বিক্রেতা ছোট প্রতিষ্ঠানগুলো ফ্লাইট এক্সপার্টের মতিঝিলের কার্যালয়ে ভিড় করে। কার্যালয় বন্ধ দেখে অনেকে হা-হুতাশ করেন।

ফ্লাইট এক্সপার্টের সঙ্গে ব্যবসায়িক লেনদেন ছিল এমন ৬৯টি টিকিট বুকিং ব্যবসাপ্রতিষ্ঠান একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেদের তথ্য জানিয়েছে। তাদের দেওয়া হিসাব অনুযায়ী, ৬৯ ব্যবসায়ীর ২৭ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা ঝুঁকিতে রয়েছে। তবে এর পাশাপাশি অগ্রিম টিকিট কাটার জন্য অনেক এজেন্সি ফ্লাইট এক্সপার্টের ‘ওয়ালেটে’ টাকা জমা রাখতো। সেই টাকা ফেরত পাওয়া নিয়েও ঝুঁকি তৈরি হয়েছে।

ঢাকার শাহজাদপুরে ট্রাভেল এক্সপার্ট অ্যাভিয়েশন সার্ভিসেসের স্বত্বাধিকারী আলমগীর হোসেন। তিনিও ফ্লাইট এক্সপার্ট থেকে কানাডাসহ বিভিন্ন দেশের প্রায় ১০ লাখ টাকার টিকিট কিনেছেন। ফ্লাইট এক্সপার্ট বন্ধ হওয়ার পর দুটি টিকিট বাতিল হয়ে গেছে। রিফান্ডের টাকাও গেছে আটকে।

বিক্রি ও ডিপোজিটের পরিমাণ বেশি হলে তখন তারা গ্রাহক-এজেন্টদের টাকা নিয়ে লাপাত্তা হয়। এখন ফ্লাইট এক্সপার্ট যাতে ইস্যু করা টিকিটগুলোর রিফান্ড করতে না পারে, সেজন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে।-আটাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আরেফ

এ ঘটনা নিয়ে আলমগীর হোসাইন তার ফেসবুকে লেখেন, ফ্লাইট এক্সপার্ট পালিয়েছে, আর কিছু এজেন্সি এখন সেই সুযোগে গ্রাহকের সঙ্গে প্রতারণা করছে। ফ্লাইট এক্সপার্ট শুধু নিজের আইএটিএ কোড দিয়েই না—সোমা, হাজি, প্রমা, ফ্লাইফারসহ আরও অনেক এজেন্সির টিকিট নিয়েও বিক্রি করেছে। গ্রাহকরা নগদ টাকা দিয়ে বুক করেছেন, কেউ ইএমআই করেছেন, কারও হজ-উমরা ছিল—এটা সবাই জানে। তবুও কিছু এজেন্সি এখন নিজেদের টাকা উদ্ধারের জন্য টিকিট ক্যানসেল করে রিফান্ড নিচ্ছে। বিষয়টি বিমান মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশনসহ সংশ্লিষ্টদের নজর দিতে হবে।

আলাপকালে আলমগীর হোসেন বলেন, ‘আমি মাঝে-মধ্যে ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট কাটতাম। কিন্তু এবার টিকিট কেটে আটকে গেছি। কয়েক লাখ টাকা আটকে গেছে। এ টাকা ফেরত না পেলে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মামলা করবো।’

ফ্লাইট এক্সপার্ট মতিঝিলের সিটি সেন্টার অফিস থেকে পরিচালনা করা হতো। রোববার (৩ আগস্ট) সকালে ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইটে ঢুকতে না পেরে অনেক ছোট টিকিট বিক্রেতা তাদের কার্যালয়ে যান। গিয়ে দেখেন কার্যালয়ে তালা। অফিসের ফোন নম্বরও বন্ধ। তখন তারা খোঁজ নিয়ে জানতে পারেন, ফ্লাইট এক্সপার্টের মালিক গ্রাহকের টিকিটের সব টাকা নিয়ে পালিয়ে গেছেন।

এ ঘটনা মুহূর্তের মধ্যে সারাদেশে ছড়িয়ে যায়। যারা ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট কিনেছিলেন, তারা মতিঝিল থানার সামনে ভিড় করেন। পরে ঢাকার চকবাজারের সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. বিপুল সরকার বাদী হয়ে মামলা করেন। এ মামলায় ফ্লাইট এক্সপার্টের সিইও সালমান বিন রশিদ শাহ সায়েমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তিনি। পরে ফ্লাইট এক্সপার্টের তিনজন কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ।

সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. বিপুল সরকার বলেন, ‘আমরা হাজারো এজেন্সি ও লাখো গ্রাহক ফ্লাইট এক্সপার্টের সঙ্গে দীর্ঘদিন আর্থিক লেনদেন করে ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু ২ আগস্ট সকাল থেকে শুনি তারা, আমাদের ৫-৬ হাজার কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করে বিদেশে পালিয়ে গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে অপরাধীদের বিচার চাই।’

আটাব সূত্র জানায়, ফ্লাইট এক্সপার্টের সঙ্গে বেশ কিছু প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্পর্ক ছিল। কোম্পানিটি নিজেদের আন্তর্জাতিক বিমান পরিবহন অ্যাসোসিয়েশন (আইএটিএ) নম্বর ছাড়াও অন্য বেশ কয়েকটি কোম্পানির আইএটিএ নম্বর ব্যবহার করে টিকিট কাটতো।

এর মধ্যে রয়েছে মক্কা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সোমা ইন্টারন্যাশনাল, হাজী এয়ার ট্রাভেলস, প্রোমা প্রমুখ। ফ্লাইট এক্সপার্ট বন্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে ওই কোম্পানিগুলোর কেউ কেউ টিকিট রিফান্ড করে টাকা তুলে নেওয়া শুরু করে। এতে বিপাকে পড়ে ক্ষুদ্র ও মাঝারি এজেন্সিগুলো, যারা গ্রাহককে টিকিটের নিশ্চয়তা দিয়ে তাদের কাছ থেকে টিকিটের দাম নিয়েছে এবং তা ফ্লাইট এক্সপার্টকে পরিশোধ করেছে।

ভুক্তোভোগীরা জানান, ফ্লাইট এক্সপার্ট বন্ধের পর থেকে বিভিন্ন এয়ারলাইন্সে কাটা অনেক টিকিট যাত্রীদের নামের রেকর্ডে (পিএনআর) তারা দেখতে পাচ্ছেন না। তবে এসব প্রতিষ্ঠানের ফোন নম্বর বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

অবশ্য এজেন্সিগুলো যেন টিকিট রিফান্ড করতে না পারে, সে বিষয়ে সোমবার (৪ আগস্ট) মন্ত্রণালয়ে একটি অনুরোধপত্র দিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি আবদুস সালাম আরেফ। এর কিছুক্ষণ পরেই তাদের কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

যদিও রোববার রাতে ফ্লাইট এক্সপার্টের ঘটনা নিয়ে জরুরি সভা করেছে আটাব। এতে ফ্লাইট এক্সপার্টকে কারণ দর্শানোর নোটিশ, সদস্যপদ বাতিলে ব্যবস্থা গ্রহণ, যাত্রী হয়রানি ও ট্রাভেল এজেন্টদের আর্থিক ক্ষতি কমাতে ফ্লাইট এক্সপার্ট ইস্যু করা টিকিটগুলোর রিফান্ড স্থগিত করার জন্য জরুরিভাবে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানানো এবং অনলাইনে টিকিট বিক্রি পরিচালনায় দ্রুত গাইডলাইন বা বিধিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করার জন্য সরকারকে আহ্বান জানায় আটাব।

এ বিষয়ে আটাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আরেফ বলেন, ‘আমরা আটাবের দায়িত্ব গ্রহণের পর থেকেই অনলাইন ট্রাভেল এজেন্সির (ওটিএ) প্রতারণামূলক কর্মকাণ্ড ও এয়ার টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। ট্রাভেল এজেন্সি সেক্টরে শৃঙ্খলা, স্বচ্ছতা আনতে ওটিএ পরিচালনায় গাইডলাইন বা বিধিমালা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়কে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে।’

এ দাবি কেউ আমলে নেয়নি জানিয়ে বলেন, ‘ওটিএ পোর্টালের আইডি শেয়ার করে অল্প দামে অথবা অতিরিক্ত কমিশনে টিকিট বিক্রির প্রলোভনে এভাবে ফ্লাইট এক্সপার্টের মতো বাজার দখল করা হয়। বিক্রি ও ডিপোজিটের পরিমাণ বেশি হলে তখন তারা গ্রাহক-এজেন্টদের টাকা নিয়ে লাপাত্তা হয়। এখন ফ্লাইট এক্সপার্ট যাতে ইস্যু করা টিকিটগুলোর রিফান্ড করতে না পারে, সেজন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে।’

আটাব সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নিয়মনীতির বাইরে বেশ কিছু প্রতিষ্ঠান দেশে ব্যবসা পরিচালনা করছে। এর মধ্যে বিভিন্ন সময় হালট্রিপ, ২৪টিকিট ডট কম এবং লেটস ফ্লাই নামের অনলাইন ট্রাভেল এজেন্সিগুলো একইভাবে যাত্রী ও অন্য ট্রাভেল এজেন্সির সঙ্গে প্রতারণা করে মোটা অঙ্কের অর্থ নিয়ে উধাও হয়েছে। পোর্টাল আইডি শেয়ার ও অতিরিক্ত মূল্যছাড় বন্ধ করা না হলে আগামীতে আরও অনেক ওটিএ বাজার থেকে উধাও হওয়ার আশঙ্কা রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে ট্রাভেল এজেন্সিদের জন্য একটি গাইডলাইন তৈরি করছে, যা দ্রুত প্রণয়ন করা জরুরি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram