ঢাকা
logo
প্রকাশিত : July 29, 2025

চাঁদাবাজির দায়ে পাঁচ সমন্বয়কারী গ্রেপ্তারে বেদনায় নীল হয়ে গেছি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পত্রিকায় দেখলাম পাঁচজন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একজন সাবেক এমপির কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা আদায় করে নিয়েছে। এতে বেদনায় একেবারে নীল হয়ে গেছি। এই পরিণতি কি আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষ কি কেউ এটা
চেয়েছিল?’

গতকাল সোমবার রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী যুবদলের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘গ্রাফিতি অঙ্কন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব নিজে রং-তুলি নিয়ে ক্যানভাসে গ্রাফিতি আঁকার মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, এক বছরও হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কী? প্রিয় সহকর্মী যোদ্ধারা (যুবদলের নেতাকর্মী) এই কথাগুলো এ জন্য বলছি, গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে। তরুণ-যুবক যারা বদলে দিয়েছে, যারা পাল্টে দিয়েছে, হাসিনাকে ক্ষমতার পতন ঘটিয়ে তাঁকে দেশ থেকে বিতাড়িত করেছে।

তাদেরই তো এ দেশ গড়ে তুলতে হবে, তাদেরই তো এ দেশকে নির্মাণ করতে হবে। ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে ন্যায্যতার-মানবতার ভিত্তিতে।’

তিনি বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লব যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে নতুন বাংলাদেশ গড়ার; আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা কারো কাছে মাথা নত করব না, অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকি না।

তাই পরিষ্কার করে বলতে চাই, যারাই চেষ্টা করুন না কেন, বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদের বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। এই দেশের মানুষ লড়াই করেছে, লড়াই করতে জানে, লড়াই করে স্বাধীনতা এনেছে, লড়াই করে গণতন্ত্র রক্ষা করেছে এবং দেশকে মুক্ত করেছে।’

শেখ হাসিনার বিচার শুরু হলো না কেন, প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, ‘কোথায় হাসিনার বিচার? এখন পর্যন্ত আমরা তেমন কিছু দেখতে পেলাম না। এক বছর হয়ে গেল, হাসিনার বিচারকাজ শুরু হলো না কেন? এখনো পর্যন্ত সেই সব হত্যাকারী ঘোরাফেরা করছে, যারা প্রকাশ্যে হত্যা করেছিল। আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্কবিতর্ক করছি, এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত হয়েছি, যা বাংলাদেশকে আরো পিছিয়ে দিতে পারে।

ফ্যাসিস্টদের শক্তি জোগাতে পারে। নতুন করে বাংলাদেশের ওপর ফ্যাসিস্টদের চেপে বসার সুযোগ তৈরি করে দিতে পারে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যু্বদলের সভাপতি এম মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় নেতারা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram