ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2025

সংসদের ৫% আসনে নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব বিএনপির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনের বাইরে ৩০০টি সাধারণ আসনের মধ্যে অন্তত ৫ শতাংশে নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, এসব আসনে নারীরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দলের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন বলেন, ‘প্রথমে আমরা সংরক্ষিত নারী আসন ৫০ থেকে বাড়িয়ে ৮০ করার প্রস্তাব দিয়েছিলাম। তবে এখন প্রস্তাব দিচ্ছি—৩০০ আসনের মধ্যে অন্তত ৫ শতাংশে (১৫টি আসনে) নারী প্রার্থী মনোনয়ন দেওয়া হোক। ভবিষ্যতে এটি ১০ শতাংশে উন্নীত করার কথা ভাবছি।’

তিনি বলেন, সংবিধান সংশোধনের আগে বিষয়টি ‘জেন্টলম্যানস অ্যাগ্রিমেন্ট’ আকারে হতে পারে। ভবিষ্যতে পুরোপুরি সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীরা সংসদে আসবেন—এই লক্ষ্যেই ধাপে ধাপে অগ্রসর হতে চায় বিএনপি।

পুলিশ সংস্কার বিষয়ে ঐকমত্য হয়েছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশ পুলিশ কমিশন গঠিত হবে, যা সংসদে পাস হওয়া আইনের আওতায় কাজ করবে। জনগণ যেন স্বাধীনভাবে অভিযোগ জানাতে পারে, সেই ব্যবস্থাও থাকবে।’

রাষ্ট্র পরিচালনার মূলনীতি প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমরা পঞ্চদশ নয়, পঞ্চম সংশোধনীতে থাকা মূলনীতি—আল্লাহর প্রতি আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ—পুনঃস্থাপন করতে চাই। তবে সাম্য, মানবিক মর্যাদা, ধর্মীয় সম্প্রীতির মতো প্রস্তাবিত সংযোজন নিয়ে আমাদের আপত্তি নেই।’

প্রধানমন্ত্রী পদে মেয়াদসীমা নিয়েও ঐকমত্য এসেছে বলে জানান সালাহউদ্দিন। তার ভাষায়, ‘এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, কমিশনের পক্ষ থেকেও এ কথা বলা হয়েছে।’

নির্বাচন কমিশন গঠনের জন্য সরকার, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিদের নিয়ে একটি সাংবিধানিক কমিটি গঠনের প্রস্তাবও আলোচনায় এসেছে।

সংলাপে আরও অংশ নেয় জামায়াতে ইসলামী, এনসিপি, সিপিবি, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল। আলোচনা পরিচালনা করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ ও বিশেষ সহকারী মনির হায়দার।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram