

চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে এরই মধ্যে সফলভাবে পরীক্ষামূলক সরবরাহের কার্যক্রম সম্পন্ন শেষে ধারাবাহিকভাবে আসছে ডিজেল। গত ২৪ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ধারাবাহিকভাবে পাইপলাইনে তিন কোটি ৮০ লাখ লিটার ডিজেল আনা হয়েছে। আজ সোমবার থেকে দ্বিতীয় দফায় ডিজেল আনার কার্যক্রম শুরু হচ্ছে বলেও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে ডিজেল সরবরাহের কার্যক্রমটি বাংলাদেশের জ্বালানি পরিবহন ব্যবস্থায় একটি মাইলফলক।
এই পাইপলাইনের মাধ্যমে বছরে প্রায় ৩০ লাখ টন ডিজেল আসবে নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা ডিপোতে। পাইপলাইনটির তেল সরবরাহের সক্ষমতা ৫০ লাখ টন। পাইপলাইনের মাধ্যমে পরিবহন ব্যয় ও তেল অপচয় ঠেকানোসহ বছরে প্রায় ২৩৬ কোটি টাকা সাশ্রয় হবে।
জানতে চাইলে ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন প্রকল্পের পরিচালক আমিনুল হক গতকাল বলেন, ‘পাইপলাইনের মাধ্যমে ঢাকায় ডিজেল আসার কাযক্রম এরই মধ্যে শুরু হয়ে গেছে।
গত ২৪ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত তিন কোটি ৮০ লাখ লিটার ডিজেল পাইপলাইনে আনা হয়েছে। ১৪ জুলাই থেকে ফের ডিজেল আনা শুরু হবে। এখন থেকে বিপিসির চাহিদা অনুযায়ী তেল পাইপলাইনে ঢাকায় সরবরাহ করা হবে।’
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল আসে নদী ও সড়কপথে।
তবে রাজনৈতিক অস্থিরতার কারণে মাঝেমধ্যেই তেল পরিবহন বাধাগ্রস্ত হয়। এ ছাড়া নদী ও সড়কপথে তেল পরিবহনের কারণে খরচ যেমন বেশি, তেমনি তেল চুরির অভিযোগ রয়েছে। একই সঙ্গে শুষ্ক মৌসুমে নৌপথে নাব্যতা কমে যাওয়ায় তেল পরিবহন করাও কঠিন হয়ে পড়ে। এসব সংকট নিরসনেই ২০১৮ সালের অক্টোবরে ‘চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন’ নামে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। বিপিসির পদ্মা অয়েল কম্পানির তত্ত্বাবধানে প্রকল্পটির কাজ সম্পন্ন হয়।
পাইপলাইন প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪তম ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। শুরুতে পাইপলাইন প্রকল্পটির ব্যয় দুই হাজার ৮৬১ কোটি ৩১ লাখ টাকা ধরা হয়। পরে সংশোধিত ব্যয় দাঁড়িয়েছে তিন হাজার ৬০০ কোটি টাকা। তবে প্রকল্পটির কাজ আরো দুই বছর আগে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় বিলম্ব হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের জ্বালানি তেলের ৯০ শতাংশ পরিবাহিত হয় নৌপথে। তেল বিপণন কম্পানিগুলোর নিয়ন্ত্রণে থাকা প্রায় ২০০টি অয়েল ট্যাংকার এসব জ্বালানি তেল পরিবহন করে। নৌপথে জ্বালানি তেল পরিবহনে সিস্টেম লসের পাশাপাশি বিভিন্ন সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটে। তা ছাড়া শুষ্ক মৌসুমে নাব্যতা কমে যাওয়ায় জ্বালানি তেল পরিবহনে সংকট তৈরি হয়। অন্যদিকে বেসরকারি খাতের প্রায় ৩০ হাজার ট্যাংক লরির পাশাপাশি রেলওয়ে ওয়াগনের মাধ্যমে সড়ক ও রেলপথেও জ্বালানি তেল পরিবহন করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে।
বিপিসি সূত্রে জানা গেছে, বর্তমানে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৪ লাখ মেট্রিক টন। মোট চাহিদার প্রায় ৪০ থেকে ৪২ শতাংশই জ্বালানি তেল ব্যবহৃত হয় ঢাকা বিভাগে। চাহিদা পূরণে চট্টগ্রামের পতেঙ্গার গুপ্তাখাল প্রধান ডিপো থেকে নৌপথে নারায়ণগঞ্জের গোদনাইল, ফতুল্লা ও চাঁদপুর ডিপোতে নেওয়া হয়। এরপর সেখান থেকে সড়কপথে পরিবহন ও রেলওয়ে ওয়াগনের মাধ্যমে সরবরাহ করা হয়।
বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন প্রকল্পটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এটির মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এর মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয় হবে। মজুদ সক্ষমতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে নৌপথের ওপর তেল পরিবহনের নির্ভরশীলতা ও পরিবহন ঝুঁকি এবং অপারেশনাল লস কমে আসবে।
পাইপলাইন প্রকল্প সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের গোদনাইল পর্যন্ত সাতটি স্টেশনসহ ২৪১.২৮ কিলোমিটার ১৬ ইঞ্চি ব্যাসের ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ, গোদনাইল থেকে ফতুল্লা পর্যন্ত দুটি স্টেশনসহ ৮.২৯ কিলোমিটার ১০ ইঞ্চি ব্যাসের পাইপলাইন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন নদীর তলদেশ দিয়ে অন্তত ৯ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়েছে। প্রকল্পটির আওতায় কুমিল্লার বরুড়ায় নতুন একটি ডিপো স্থাপন করা হয়েছে। এখান থেকে খুব সহজে কুমিল্লাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হবে।
