ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৯
logo
প্রকাশিত : জুলাই ৭, ২০২৫

শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ আখ্যা দিলেন সামান্তা শারমিন

আওয়ামী লীগ সভাপতি ও ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

তিনি বলেন, হাসিনার গুম-খুন-ক্রসফায়ারে কত নারীকে অকাল বৈধব্য বরণ করতে হয়েছে। এই সব কাহিনি একত্র করলে মহাভারতের ‘স্ত্রীপর্ব’ মলিন হয়ে পড়বে।

আজ সোমবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন সামান্তা শারমিন।

তিনি ফেসবুক পোস্টে বলেন, ইমাম হোসেন (রাঃ) এবং তাঁর সাথী-সঙ্গীদের আত্মত্যাগ মানব ইতিহাসে ন্যায়বিচার, সত্য ও স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগের উদাহরণ। গাজা থেকে বাংলাদেশ—পৃথিবীর প্রতিটি জনপদে উপনিবেশ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের লড়াইয়ে শক্তি-সাহস, আত্মমর্যাদা আর আত্মত্যাগের অনিঃশেষ অনুপ্রেরণা হয়ে থাকবে কারবালার ইতিহাস।

সামান্তা সারমিন আরো বলেন, উম্মে লাইলা, রাবাব বিনতে ইমরুল কায়েস, হযরত জয়নাব (আল্লাহ তাঁদের ওপর রহমত বর্ষণ করুন)—তাঁদের মতো কারবালার নারীদের ত্যাগ দুনিয়ার প্রকৃত মুক্তিকামী, আত্মমর্যাদাশীল নারীদের জন্য উত্তম দৃষ্টান্ত। স্বামী-সন্তান, পিতা-ভ্রাতার শাহাদাত তাঁদের হৃদয়ে ভীতির সঞ্চার করতে পারেনি, জালিমের কাছে তাঁরা নতি স্বীকার করেননি—বরং তাঁরা ছিলেন দৃঢ় ও মর্যাদাবান।

তিনি আরো বলেন, এই দুনিয়ায় প্রতিটি জনপদ কারবালা, প্রতিটি দিন আশুরা। জুলাইয়ের সেই তরুণীর স্মৃতির প্রতি আমাদের এক প্রতিশ্রুতি রয়েছে, যিনি আমাদের প্রতি প্রশ্ন রেখে গেছেন—‘আমার কি বিধবা হবার বয়স হইছে?’ বাংলার ইয়াজিদ হাসিনার গুম-খুন-ক্রসফায়ারে কত নারীকে অকাল বৈধব্য বরণ করতে হয়েছে! এই সব কাহিনি একত্র করলে মহাভারতের ‘স্ত্রীপর্ব’ মলিন হয়ে পড়বে।

দুনিয়ার প্রতিটি জনপদে নারীদের সন্তান হারানোর শোক ও অকাল বৈধব্যের নিদারুণ বিরহ থেকে মুক্তির জন্য নারী-অধিকার প্রশ্নে চিন্তা-ভাবনাগুলো পুনর্মূল্যায়ন করা আজ জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram