

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন।
এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের পক্ষে সভাপতি প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া, সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের এবং উপদেষ্টা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন তথা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের একজন পরম কল্যাণমিত্র। বৌদ্ধ সম্প্রদায় ও বুদ্ধিস্ট ফেডারেশনের বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতাকে তারা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সব নাগরিকের অধিকার, সমতা ও মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী। একই সঙ্গে অসাম্প্রদায়িক চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখতে তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও যোগ্যতাকে কাজে লাগাবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
অভিনন্দন বার্তায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ একটি বহুত্ববাদী ও সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমঅধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়েই একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। নতুন রাষ্ট্রপতির নেতৃত্ব ও অভিজ্ঞতা এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
তারা আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। দেশের শান্তি, উন্নয়ন, গণতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন রাষ্ট্রপতির সঙ্গে সহযোগিতামূলক ভূমিকা রাখতে আগ্রহী।
বার্তার শেষাংশে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সর্বাঙ্গীণ সফলতা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের মানুষের কল্যাণে তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করা হয়।
