

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত কর্ণফুলী টানেলে রাতের বেলায় ট্রাফিক ডাইভারসন ঘোষণা করেছে টানেল কর্তৃপক্ষ।
রোববার (২৩ আগস্ট) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত দিনগুলোতে প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কর্ণফুলী টানেলের ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ টিউবে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত রাখা হবে।
এ সময় বিদ্যমান যানবাহনের চাপের ওপর নির্ভর করে টানেলের উভয়মুখে যাত্রীদের পাঁচ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এ সাময়িক ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতে যাত্রী ও সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। পাশাপাশি সাময়িক এই ভোগান্তির জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।
