

কলাপাড়া (পটুয়াখালীর) প্রতিনিধি: পটুয়াখালী নৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মনোজ্ঞ শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিল ২০২৬ ব্যাচের ৪৪১ জন নবীন নাবিক। বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ আয়োজনে তারা দেশসেবা, সমুদ্রসীমা রক্ষা এবং জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে ধারাবাহিক আধুনিকায়ন কার্যক্রম চলছে। সম্প্রতি নৌবহরে যুক্ত হয়েছে দুটি হেলিকপ্টার, দুটি আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি), চারটি মাল্টি-মিশন ইন্টারসেপ্টর বোট ও পাঁচটি পেট্রোল বোট। পাশাপাশি নিজস্ব ডাটা সেন্টার ও BNNET স্থাপন, হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ এবং আধুনিক ড্রোন সিস্টেম সংযোজনের কাজও এগিয়ে চলছে।
তিনি আরও জানান, নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডগুলো নিজস্ব সক্ষমতায় যুদ্ধজাহাজ, এলসিটি ও অন্যান্য সহায়ক প্ল্যাটফর্ম নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া “ইন এইড টু সিভিল পাওয়ার”-এর আওতায় আইন-শৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় ও দুর্গম এলাকায় দায়িত্ব পালনে নৌ সদস্যদের অবদান প্রশংসনীয়।
প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করে সেরা চৌকশ নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন মো. শাহরিয়ার টুটুল। দ্বিতীয় স্থান অর্জন করে ‘কমখুল পদক’ পান মো. সামিউল ইসলাম শাকিল এবং তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন মো. কাদের মিয়া। সেরা চৌকশ মহিলা নাবিক হিসেবে মোছা. মারিয়া আক্তার অর্জন করেন ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’।
অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

