

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া ঢালা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ধাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নুরুল হোসেন ওরফে মনু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল থেকে ৩০ হাজার ৫০টি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল হোসেন কক্সবাজার পৌরসভার দক্ষিণ কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলকে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’ লেখা একটি গাড়ি ধাওয়া করছিল। পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই নুরুল হোসেন নিহত হন। মোটরসাইকেলের অপর আরোহী আহত অবস্থায় পালিয়ে যান।
মালুমঘাট হাইওয়ে থানা-পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল তল্লাশি করে একটি ব্যাগ থেকে ৩০ হাজার ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাহবুবর রহমান বলেন, স্থানীয় লোকজনের ভাষ্যমতে ধাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাউকে পাওয়া যায়নি। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

