

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার জেরে আটক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা রফিকুল ইসলামকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুল ইসলাম।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মহেশখালীর নিজ বাড়ি থেকে রফিকুল ইসলামকে আটক করে মহেশখালী থানা-পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ মন্তব্য’ করে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থাকায় তাঁকে আটক করা হয় বলে দাবি পুলিশের। পরে বৃহস্পতিবার বিকালে রফিকুল ইসলামকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন বলেন, ‘রফিকুল ইসলাম রাষ্ট্রের একজন নাগরিক। রাষ্ট্রব্যবস্থা, এর কাঠামো ও নাগরিক প্রতিনিধিদের সমালোচনা করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে।
এ ধরনের অভিযোগে কাউকে রাতের আঁধারে বাড়ি থেকে তুলে নিয়ে থানায় আটক রাখা ও মারধরের অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। এটি ফ্যাসিবাদী আচরণ। রফিকুল ইসলামের মুক্তিকে দলটির ‘নৈতিক বিজয়’ হিসেবে দেখছেন এনসিপির নেতাকর্মীরা।

