

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কুতুবদিয়ার পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, সরকার ঘোষিত ৫৮ দিনের সামুদ্রিক মৎস্য আহরণ নিষেধাজ্ঞা অমান্য করে গত ১৮ মে লক্ষ্মীপুরের আলেকজান্ডার খাল থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায় বোটটি। পরে মাঝসমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি ভাসতে থাকে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টার দিকে গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ রাডারের মাধ্যমে বোটটিকে শনাক্ত করে। পরে কোস্ট গার্ড সদস্যরা বোটটির কাছে গিয়ে ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেন। এ সময় তাঁদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
রাত সাড়ে ৯টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা এবং জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া জেলে ও ফিশিং বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

