

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সেখ রবিউল আলম বলেছেন, দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু হবে। এ জন্য সম্প্রতি জাপানের একটি উচ্চ পর্যায়ের টিম নদী পর্যবেক্ষণ করে গেছে। আগামী মাসে আরো টিম ফিজিবিলিটি তদন্ত করতে আসবে। প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু করতে ওয়াদাবদ্ধ। গত একনেকের সভায় রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প পাশ হয়েছে।
মন্ত্রী গত ঈদুল ফিতরের পরে দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ২৬ জন যাত্রীসহ এ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৬২ জনের নিকট আত্মীয়-স্বজনদের মাঝে ২ কোটি ৬৮ লাখ টাকার আর্থিক সাহায্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রোববার রাজবাড়ী পৌর মিলনায়তনে রাজবাড়ী জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক ওই অনুষ্ঠানের আয়োজন করে।
ওই অনুষ্ঠানে সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী, রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

