

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির যৌথ উদ্যোগে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় উচ্চবিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, সাইবার নিরাপত্তাবিষয়ক সেমিনার ও সাইবার নিরাপত্তা অলিম্পিয়াড।
শনিবার বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ভেন্যুতে আয়োজিত এ প্রতিযোগিতায় বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের ক্যাম্পাস আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতিকুর রহমান। আয়োজনটি বাস্তবায়নে সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকবৃন্দ এবং সিএসই ক্লাবের সদস্যরা।
সকাল সাড়ে ৯টায় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের বিভিন্ন গবেষণাগারে প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু হয়। পরে সকাল ১০টায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে সাইবার নিরাপত্তাবিষয়ক সেমিনার ও সাইবার নিরাপত্তা অলিম্পিয়াড আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিএসই ক্লাবের সভাপতি বায়েজীদ আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. গোলাম মুরাদুল বসির এবং সভাপতিত্ব করেন অধ্যাপক মো. আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের জ্যেষ্ঠ প্রোগ্রামার মো. মাসুদুর রহমান এবং পটুয়াখালী জেলার তথ্যপ্রযুক্তি কর্মকর্তা মো. সবুজ তালুকদার। এছাড়াও বিভিন্ন উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে অধ্যাপক মো. আতিকুর রহমান বলেন, “আমরা যদি আমাদের সৃজনশীলতাকে প্রযুক্তির মাধ্যমে বাস্তবায়ন করতে পারি, তাহলে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবো।” তিনি শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও টি-শার্ট বিতরণ করা হয়। পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করবে।
বর্ণিল আয়োজন ও প্রযুক্তিনির্ভর নানা কার্যক্রমের মধ্য দিয়ে দুপুর ২টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

