

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নদীর কূল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল চারটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামের রাবনাবাদ নদীর কূলে মরদেহটি পাওয়া যায়।
স্থানীয়রা জানান, নদীর পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। নিহত নারীর বয়স আনুমানিক ২৫ বছর। মরদেহটি খালি গায়ে ছিল এবং পড়নে ছিল লাল রঙের সালোয়ার। তবে মরদহটি নদী থেকে ভেসে এসেছে কিনা বা কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি কেউ।
খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় বা মৃত্যুর কারণ জানা যায়নি।
পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন জানান, ঘটনাস্থলে নৌ-পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। পিবিআই ও সিআইডি তদন্ত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

