ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:০১
logo
প্রকাশিত : নভেম্বর ১১, ২০২৫

‘প্রযোজক আমাকে লিভ-টুগেদারের প্রস্তাব দেয়’

ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেত্রী রেনুকা সাহানে। বলিউড ও মারাঠি সিনেমায় অভিনয় করে অধিকে খ্যাতি কুড়ান ৫৯ বছর বয়সি এই অভিনেত্রী। ৩৭ বছরের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানারকম পরিবেশ-পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। অন্য অনেকের মতো রেনুকারও কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতা হয়েছে।

জুম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রেনুকা সাহানে বলেন, “অনেক বছর আগে একজন প্রযোজক আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি আমার বাড়িতে এসে সরাসরি প্রস্তাব দেন। তিনি বলেন, ‘আমি বিবাহিত।’ তবু তিনি চান আমি তার শাড়ির কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হই।”

অনৈতিক প্রস্তাবের বিষয়ে রেনুকা বলেন, “প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে অর্থ দেওয়ার প্রস্তাব দেন, কেবল তাই নয়, তার সঙ্গে লিভ-টুগেদারের প্রস্তাবও দেন ওই প্রযোজক। এ কথা শুনে আমি আর মা বিস্ময়ে একে অপরের দিকে তাকাই। এরপর যা ঘটেছিল, তা সত্যি আরো গুরুত্বপূর্ণ। পরে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে অস্বীকার করি।”

প্রযোজকের প্রস্তাব প্রত্যাখ্যান করার ফলে জটিলতা তৈরি হয়েছিল কি না? এ বিষয়ে রেনুকা বলেন, “আপনি যদি কারো প্রস্তাব প্রত্যাখ্যান করেন, অনেক সময় তারা প্রতিশোধ নিতে চায়। এমনকি, অন্যদেরও বলে দেয় যেন আপনাকে কোনো প্রজেক্টে না নেয়া হয়। এটাই বিপজ্জনক! তবে আমার সঙ্গে এমনটা হয়নি। কিন্তু অনেকের সঙ্গে হয়েছে।”

ইন্ডাস্ট্রি প্রসঙ্গে রেনুকা বলেন, “অনেককে প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হয়। নানাভাবে হয়রানি করা হয়। কাজের পাওনা টাকা দেওয়া হয় না। এটা একটা ক্লাবের মতো, যারা একত্রিত হয়ে ভুক্তভোগীকেই আরো ভুক্তভোগী করে তোলে।”

ইন্ডাস্ট্রির পরিস্থিতি বোঝানোর জন্য অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের একটি ঘটনা স্মরণ করেন। রেনুকা বলেন, “রাভিনা তখন বড় হিরোইন, ইন্ডাস্ট্রি থেকেই এসেছে। কিন্তু রাভিনা আমাকে বলেছিল, ‘আউটডোর শুটিংয়ের সময় আমরা প্রতিদিন ঘর বদলাতাম, কারণ কেউ না জানে আমরা ঠিক কোন ঘরে আছি; যাতে তারা এসে কোনো সমস্যা তৈরি না করতে পারে।”

কয়েক বছর আগে মিটু আন্দোলনে সরব হয়েছিল বলিউড। এ হাওয়া ভারতের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রিতেও লেগেছিল। এ বিষয়ে রেনুকা বলেন, “মিটু আন্দোলনের পর ৫-৬ বছর কেটে গেছে। সেই অভিযুক্তরাই এখন ভালো ভালো কাজ করছে; বিষয়টা এমন যেন কিছুই ঘটেনি। আপনি যদি কাউকে অভিযুক্ত করেন; কিন্তু তার বিরুদ্ধে কোনো পুলিশ কেস না থাকে, তাহলে মানুষ উল্টো আপনাকেই প্রশ্ন করবে।”

বয়সকে সংখ্যার ফ্রেমে বেঁধে, এখনো তরুণদের মতো অভিনয় চালিয়ে যাচ্ছেন রেনুকা। চলতি বছরে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘দুপাহিয়া’। কমেডি-স্যাটায়ার ঘরানার সিনেমাটি গত ৭ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজনে মুক্তি পায়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram