

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে খাইরুল ইসলাম (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবার। তিনি স্থানীয় বাসিন্দা আলমগীর হাওলাদারের ছেলে।খাইরুল এক কন্যাসন্তানের জনক।
পারিবারিক সূত্রে জানা যায়, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ কারণে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর প্রায়ই বিরোধ লেগে থাকত। পারিবারিক কলহের জেরে তাঁর স্ত্রীও কিছুদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
স্বজনদের দাবি, স্ত্রীকে ফিরিয়ে আনার বিষয় নিয়ে তিনি বিভিন্ন সময় পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করতেন। শনিবার সন্ধ্যায় বাবার কাছে টাকা চাইলে তা না পাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন এবং পরিবারের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন।
রবিবার সকালে পরিবারের সদস্যরা বাইরে গেলে খাইরুল ঘরের ভেতরে একাই ছিলেন। বিকেলে বাড়ি ফিরে তাঁকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্বজনরা ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
