

শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। পোস্টারটির নান্দনিকতা, আগুনের আবহ ও দৃশ্য বিন্যাসের সঙ্গে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর টু’-এর মিল খুঁজে কয়েকজন নেটিজেন নির্মাতাদের বিরুদ্ধে নকলের অভিযোগ তুলেছেন।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত পোস্টারে শাহরুখকে ঠোঁটে গোলাপ নিয়ে তীব্র অভিব্যক্তিতে দেখা গেছে। পোস্টারটি অ্যাকশন ও রোমান্সের মিশ্র ইঙ্গিত দিলেও অনলাইনে আলোচনার বড় অংশজুড়ে রয়েছে ‘ধুরন্ধর টু’-এর সঙ্গে এর দৃশ্যগত মিলের অভিযোগ। এক নেটিজেন লিখেছেন, “প্রতিটি মাস্টারপিসেরই একটি সস্তা নকল থাকে।”
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক ব্যবহারকারী পোস্টারটির সমালোচনা করে লিখেছেন, “আপনি দৃশ্যের ধরন, আগুন আর ফ্রেম নকল করার চেষ্টা করতে পারেন, কিন্তু কখনোই ‘ধুরন্ধর’ হতে পারবেন না, @iamsrk। শাহরুখ খানের ‘কিং’ পোস্টারটি এআই দিয়ে তৈরি নিম্নমানের আবর্জনা।”
আরেক ব্যবহারকারী সিনেমাটির চিত্রনাট্য ও পোস্টার—দুটিই অন্য সিনেমা থেকে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। তার পোস্টে লেখা ছিল, “ভাই, ‘লিওঁ: দ্য প্রফেশনাল’ থেকে চিত্রনাট্য নকল করেছে, আর এখন দেখুন, পোস্টারটিও ‘ধুরন্ধর টু’ থেকে নকল করেছে। শাহরুখ খান বলেই ‘কিং’!”
তৃতীয় এক ব্যবহারকারী ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার পোস্টারের নকশার ধারণা নকল করার অভিযোগ তোলেন। তার পোস্টের অনুবাদ, “একটু লজ্জা থাকা উচিত। আপনারা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর পোস্টার ডিজাইনের ধারণা নকল করেছেন।”
আরেক নেটিজেন দুটি সিনেমার সঙ্গে ‘কিং’-এর প্রচারসামগ্রীর তুলনা করে লিখেছেন, “প্রথম পোস্টারটি ব্র্যাড পিটের ‘এফ১’ থেকে নকল করা হয়েছিল, দ্বিতীয়টি রণবীর সিংয়ের ‘ধুরন্ধর টু’ থেকে। এবার ভাবুন, পুরো সিনেমাটি আর কতগুলো ছবি থেকে নকল করা হবে! কপি-পেস্টের মাস্টার সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ খানের ‘কিং’ একটি অনানুষ্ঠানিক রিমেক।”
‘কিং’-এ নিজের চরিত্রকে নির্মম ও ধূসর বললেন শাহরুখ
নিজের ৬০তম জন্মদিনে আয়োজিত এক বিশেষ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠানে ‘কিং’ সিনেমায় নিজের চরিত্রকে ‘নির্মম ও ধূসর’ বলে বর্ণনা করেন শাহরুখ খান। এ সময় নায়ক ও খলনায়কের পার্থক্য নিয়েও কথা বলেন তিনি। নিজের ক্যারিয়ারে অভিনয় করা কয়েকটি নেতিবাচক চরিত্রের প্রসঙ্গও তুলে ধরেন এই অভিনেতা।
ভক্তদের উদ্দেশে শাহরুখ বলেন, “মানুষ প্রায়ই নায়ক ও খলনায়কের মধ্যে একটা সীমারেখা টেনে দেয়। কিন্তু আমি কখনোই এই পার্থক্যে বিশ্বাস করিনি। ক্যারিয়ারের শুরুর দিকে ‘ডর’-এর মতো চরিত্রে অভিনয় করেছি। আজকের দিনে সেই চরিত্রকে খলনায়ক বা অনুসরণকারী (স্টকার) বলা হতো। এরপর এসেছে ‘ডন’, ‘আনজাম’ ও ‘বাজিগর’। এসব ছবিতেই আমি খারাপ মানুষের চরিত্রে ছিলাম।”
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি ও অনিল কাপুর। সিনেমাটিতে শাহরুখকে অ্যাকশননির্ভর চরিত্রে দেখা যাবে।
‘কিং’ মুক্তির সময় প্রেক্ষাগৃহে আরো কয়েকটি বড় বাজেটের সিনেমা আসার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘ডুন: পার্ট থ্রি’ এবং নাগার্জুনের ক্যারিয়ারের শততম সিনেমা ‘কিং১০০’।
