

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: নিখোঁজের ৪৮ ঘন্টা পর বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রকূল থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার। তিনি জানান, শেখ ফারহান নাদীম একাই কুয়াকাটায় ঘুরতে এসেছিলেন। মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্য ও পুলিশ উদ্বিগ্ন হয়ে পড়লেও তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।
শেখ ফারহান নাদীম বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। গত মঙ্গলবার আদালতের কার্যক্রম শেষে বাসার উদ্দেশে বের হলেও আর ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে বুধবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
