

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) নির্বাচন ২০২৬-এ ঢাকা কেন্দ্র থেকে লোকাল কাউন্সিল মেম্বার পদে ৩ হাজার ৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মির্জা মো. ইফতেখার আলী। গত ১২ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এ পদে প্রতিদ্বন্দ্বিতা করা ১৭৬ জন প্রার্থীর মধ্যে তিনি তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। ঢাকা কেন্দ্র থেকে নির্বাচিত ৩০ জন লোকাল কাউন্সিল মেম্বারের মধ্যে তাঁর অবস্থান তৃতীয়।
মির্জা মো. ইফতেখার আলী বর্তমানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (রোড অ্যান্ড বিল্ডিং ডিজাইন) হিসেবে কর্মরত রয়েছেন। নির্বাচনে বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি তাঁর পাশে থাকা সহকর্মী, শুভানুধ্যায়ী, সম্মানিত ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ্যাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাঁদের অক্লান্ত পরিশ্রম এবং গত প্রায় এক মাসের ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে এ দলগত সাফল্য অর্জিত হয়েছে।
ইফতেখার আলী বলেন, এ অর্জন সম্মিলিত ঐক্য ও প্রচেষ্টার ফসল। প্রকৌশলীদের অধিকার, মর্যাদা ও প্রত্যাশা বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। এ সময় তিনি নিজের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর অন্যতম লক্ষ্য আইইবিকে প্রকৌশলীদের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলা।
নির্বাচনী প্রচারণায় নিজের অঙ্গীকার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আইইবিকে আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন ইফতেখার আলী।
তাঁর ঘোষিত অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে
১. গবেষণা ও উদ্ভাবন: গবেষণাভিত্তিক প্রকল্প ও নতুন প্রযুক্তির বিকাশে উৎসাহ প্রদান।
২. স্মার্ট ও ডিজিটাল আইইবি: আইইবির কার্যক্রমে প্রযুক্তিনির্ভর আধুনিকায়ন এবং ডিজিটাল ব্যবস্থাপনা নিশ্চিত করা।
৩. কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত দক্ষতা: এআই, অটোমেশন ও আধুনিক প্রযুক্তিতে প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধি।
৪. প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়ন: আধুনিক প্রযুক্তিগত অবকাঠামো ও পেশাগত সুযোগ-সুবিধার উন্নয়ন।
৫. আন্তর্জাতিক সহযোগিতা: বৈশ্বিক জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়নের সুযোগ সম্প্রসারণ।
৬. তরুণ প্রকৌশলীদের উন্নয়ন: নবীন প্রকৌশলীদের নেতৃত্ব, কর্মদক্ষতা ও পেশাগত বিকাশে সহায়তা।
৭. নারী প্রকৌশলীদের উন্নয়ন: নারী প্রকৌশলীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, নেতৃত্বের বিকাশ এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে কাজ করা।
প্রকৌশলী মহলে তাঁর বিজয়কে উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে। ১৭৬ জন প্রার্থীর মধ্যে তৃতীয় সর্বোচ্চ ভোট অর্জন তাঁর প্রতি ভোটারদের আস্থা ও সমর্থনের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
