

কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালায় ম্যাচের আগের দিন মাঠে উপস্থিত থাকলেও অনুশীলনে করেননি মিতুল মারমা। গ্রোয়িন এর চোটে ভুগছেন জাতীয় দলের একাদশে অপরিহার্য হয়ে পড়া এই গোলরক্ষক। সকালে জানা গেলো আজকের নেপাল ম্যাচে একাদশে থাকছেন না তিনি। তার জায়গায় অভিষেক হতে পারে সুজন হোসেনের।
এমনিতেই দলে নিয়মিত মুখ হামজা চৌধুরী, শমিত সোমের মতো ফুটবলাররা। অনূর্ধ্ব-২৩ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে ভিয়েতনামে রয়েছেন শেখ মোরসালিন. ফাহমিদুল ইসলাম, মজিবুর রহমান জনি, শাকিল আহাদ তপু ও দলের আরেক গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ। এ অবস্থায় মিতুলের অনুপস্থিতিতে পোস্টের নিচে মোহামেডানের সুজন হোসেনের উপর আস্থা রাখছেন হাভিয়ের কাবরেরা। এই দলের তিন নম্বর গোলরক্ষক সুজনের ছোট ভাই পাপ্পু হোসেন।
ঘরোয়া লীগে মোহামেডানের হয়ে খেলেন সুজন। ২০১৯ সালে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব থেকে মোহামেডানে যোগ দিয়ে ম্যাচ খেলেছেন ৯১টি। একাদশে থাকলে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে ২৯ বছর বয়সী সুজনের।

