

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টু-এর ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে এবারের বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো। দুর্দান্ত ছন্দ ধরে রেখে ২-০ গোলের জয় তুলে নিয়েছে এল ত্রি'রা।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচ শুরুর কথা থাকলেও, মেক্সিকো সিটিতে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে এক ঘণ্টা বিলম্বে মাঠে গড়ায় ম্যাচটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে স্বাগতিকরা। প্রথম ১৫ মিনিটেই গিলবার্তো মোরা, লুইস রোমো ও রাউল হিমেনেস একাধিক সুযোগ তৈরি করেন। ম্যাচের ১৮তম মিনিটে ইকুয়েডর ফরোয়ার্ড জন ইয়েবোয়ার শট পোস্ট ঘেঁষে বাইরে গেলে স্বস্তি পায় মেক্সিকো। এর চার মিনিট পর রবার্তো আলভারাদোর বাড়ানো বল ধরে ডিফেন্ডারদের পেছনে দৌড়ে গিয়ে দুর্দান্ত শটে জালের ঠিকানা খুঁজে নেন হুলিয়ান কিনিওনেস।
প্রথম গোলের পর আরও চাঙ্গা হয়ে ওঠে মেক্সিকো। ৩২তম মিনিটে কিনিওনেসের বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমেনেস। ২-০ গোলের লিডে প্রথমার্ধ শেষ করে এল ত্রি'রা।
বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে মেক্সিকো। সিজার মন্তেস ও জোহান ভাসকেসের নেতৃত্বে রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। গোলরক্ষক রাউল রাঙ্গেলও টানা চতুর্থ ম্যাচে ক্লিন শিট ধরে রাখেন।
ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় মুখ ঢেকে আপত্তিকর আচরণ করায় সরাসরি লাল কার্ড দেখেন ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো হিনকাপিয়ে। ফলে শেষ মুহূর্তে ১০ জনের দলে পরিণত হয় ইকুয়েডর। তবে, শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই জয়ে, এবারের আসরে এখন পর্যন্ত শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে মেক্সিকো। রাউন্ড অব ১৬-এ আগামী সোমবার (৬ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় একই ভেন্যুতে ইংল্যান্ড অথবা ডিআর কঙ্গোর বিপক্ষে খেলবে মেক্সিকো।
