

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গা ও বাঁশখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ১ হাজার ২৬০ বস্তা বা ৬৩ হাজার কেজি সিমেন্টসহ দুটি বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা থানাধীন বহিঃনোঙ্গর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৭৫০ বস্তা (৩৭ হাজার ৫০০ কেজি) সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে বোটে থাকা দুই পাচারকারীকে আটক করা হয়।

অন্যদিকে, শুক্রবার ভোর ৩টার দিকে বাঁশখালী থানাধীন বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি করে প্রায় ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা মূল্যের ৫১০ বস্তা (২৫ হাজার ৫০০ কেজি) সিমেন্ট জব্দ করা হয়। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
