ঢাকা
logo
প্রকাশিত : August 6, 2026

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ব্রেট লি

আইপিএলের শুরুর দিকের মৌসুমগুলোতে প্রীতি জিনতা ও ব্রেট লিকে ঘিরে প্রেমের গুঞ্জন ছিল ক্রিকেট ও বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। মাঠে দুজনের হাসি-আড্ডা, খুনসুটি কিংবা একসঙ্গে দেখা গেলেই নতুন করে জল্পনা শুরু হতো। তবে দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা ব্রেট লি।

সম্প্রতি বম্বে টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে লি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রীতি জিনতার সঙ্গে তার কখনোই প্রেমের সম্পর্ক ছিল না। তিনি বলেন, তাদের সম্পর্ক ছিল কেবলই বন্ধুত্বের।

২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমান পাঞ্জাব কিংস) হয়ে খেলতে নামেন ব্রেট লি। পরবর্তী দুই মৌসুমেও একই দলে ছিলেন তিনি। সে সময় দলের সহমালিক ছিলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। মাঠে ও মাঠের বাইরে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কই একসময় প্রেমের গুঞ্জনের জন্ম দেয়। ২০১১ সালে লি কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পরও সেই আলোচনা থামেনি।

অবশেষে এ বিষয়ে মুখ খুলে লি বলেন, ‘আপনাদের জন্য খবর হলো, আমি কখনোই কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি। প্রীতি জিনতা তখন পাঞ্জাব দলের মালিক ছিলেন। তিনি তখন যেমন আমার ভালো বন্ধু ছিলেন, এখনো তেমনই আছেন। তিনি অত্যন্ত বুদ্ধিমতী একজন মানুষ এবং আমি তাকে অনেক সম্মান করি।’

প্রেমের গুঞ্জন তাকে কখনো বিরক্ত করেছে কি না—এমন প্রশ্নের জবাবে লি জানান, এসব বিষয়কে তিনি কখনো গুরুত্ব দেননি।

তার ভাষায়, ‘আমি এসব গুঞ্জনে বিরক্ত হইনি। কারণ সত্যটা আমি জানতাম। মানুষ নানা ধরনের অনুমান করতেই পারে, কিন্তু আমি কখনো সেগুলোকে আমার ওপর প্রভাব ফেলতে দিইনি।’

অন্যদিকে প্রীতি জিনতাও অতীতে একাধিকবার এই গুঞ্জন নাকচ করেছিলেন। ২০১০ সালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (তৎকালীন টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমাকে আমার দলের খেলোয়াড়দের সঙ্গে জড়িয়ে গুঞ্জন ছড়ানো বন্ধ করুন। আমি অবিবাহিত। আমার দলের কোনো ক্রিকেটার কিংবা অন্য কোনো ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে নেই। যেদিন সম্পর্কে জড়াব, সবাই জানতে পারবেন।’

বর্তমানে দুজনই নিজ নিজ ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত। ব্রেট লি ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করলেও ২০০৯ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০১৪ সালে লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন তিনি। অন্যদিকে প্রীতি জিনতা ২০১৬ সালে জিন গুডএনাফকে বিয়ে করেন। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হন এই বলিউড অভিনেত্রী।

অস্ট্রেলিয়ার হয়ে ৭৬টি টেস্ট ও ৩১০টি ওয়ানডে ম্যাচ খেলা ব্রেট লি ২০১৫ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। আর প্রীতি জিনতা এখনো আইপিএলের ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সহমালিক হিসেবে সক্রিয় রয়েছেন। দলের ম্যাচে গ্যালারিতে নিয়মিত উপস্থিত থেকেও সমর্থকদের নজর কাড়েন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram