ঢাকা
logo
প্রকাশিত : November 14, 2026

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে আর্জেন্টিনার হার

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর নিজেদের প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। শনিবারের (১৪ নভেম্বর) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোল ও প্রতিপক্ষের আরেকটি গোলের পর হার এড়াতে পারেনি ২০২৬ বিশ্বকাপের রানার্সআপরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার ডিফেন্ডার লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোলের পর উরুগুয়ের মিডফিল্ডার ম্যাক্সি আরাউহো করেন দ্বিতীয় গোল। পরে ৭৩ মিনিটে আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের গোলে ম্যাচে ফেরার আশা জাগে আর্জেন্টিনার। তবে শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে উরুগুয়ে। নতুন কোচ দিয়েগো ফোরলানের অধীনে এটি দলটির তৃতীয় জয়।

গত মাসে বেনিনের বিপক্ষে আবেগঘন এক বিদায়ী প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামেন মেসি। ওই ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৩৯ বছর বয়সী এই তারকা। ২০৭ ম্যাচে ১২৫ গোলের অসাধারণ রেকর্ড নিয়ে শেষ হয় তার আন্তর্জাতিক ক্যারিয়ার।

মেসিকে ছাড়া এই ম্যাচে দীর্ঘ সময় উরুগুয়ের দৃঢ় রক্ষণভাগ ভাঙতে হিমশিম খেয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে নিকো পাজের একটি ভালো সুযোগ তৈরি হলেও উরুগুয়ের গোলরক্ষক ক্রিস্টোফার ফেরেইরিন তা দারুণভাবে ঠেকিয়ে দেন।

বিরতির পরপরই এগিয়ে যায় উরুগুয়ে। বাম দিক থেকে জর্জিয়ান ডি আরাসকায়েতার নেওয়া ফ্রি-কিক আর্জেন্টিনার রক্ষণভাগে অস্থিরতা তৈরি করে। বলটি বিপদমুক্ত করতে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ হেড করেন। তবে তার হেড সতীর্থ বালের্দির গায়ে লেগে জালে জড়িয়ে যায়।

এরপর ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে উরুগুয়ে। ডি আরাসকায়েতার কর্নার কিকটি আরাউহোর কাঁধে লেগে উঁচু হয়ে সরাসরি জালে প্রবেশ করে।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে আলভারেজের গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। যোগ করা সময়েও সমতা ফেরানোর একটি ভালো সুযোগ পেয়েছিলেন তিনি। তবে উরুগুয়ের রক্ষণভাগ তা সামলে নেয়। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram