ঢাকা
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪০
logo
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৬

টেকনিক্যাল-ট্যাকটিক্যাল; কোনো দিকেই পরিকল্পনা কাজে লাগেনি: স্পেনের কাছে হারের পর এমবাপ্পে

বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাওয়ার পর নিজেদের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল ভুলের সমালোচনা করেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ডালাসে স্পেনের কাছে ২-০ গোলে হেরে শেষ চারে থেমে যায় ফ্রান্সের বিশ্বকাপ অভিযান।

ম্যাচ শেষে ফরাসি সম্প্রচারমাধ্যম এম-৬'কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি তার দল। তৃতীয়বারের মতো টানা বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামা এই ফরোয়ার্ড নিজের হতাশার কথাও জানান।

এমবাপ্পে বলেন, 'আমরা যেভাবে ম্যাচটি খেলতে চেয়েছিলাম, সেভাবে খেলতে পারিনি। সেটা কৌশলগত দিক থেকে হোক, টেকনিক্যাল দিক থেকে হোক কিংবা পুরো দলের পারফরম্যান্সের মানের দিক থেকেই হোক।'

তিনি আরও বলেন, 'বিশ্বকাপের সেমিফাইনালে আপনি যখন যা করার কথা, তা যদি আপনি সময়মতো না করতে পারেন, তখন জয় পাওয়া কঠিন।'

স্পেনের খেলার ধরন সম্পর্কে এমবাপ্পে বলেন, 'আমাদের লক্ষ্য ছিল তাদের ওপর হাই প্রেসিং করা, যাতে স্প্যানিশরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে না পারে। কারণ ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা আমাদের চেয়ে ভালো। কিন্তু আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি।'

মাঝমাঠে স্পেনের আধিপত্য

রিয়াল মাদ্রিদের এই তারকা মনে করেন, ফ্রান্সের সমস্যার মূল কারণ ছিল মাঝমাঠে। স্পেনের রদ্রি, দানি ওলমো ও ফাবিয়ান রুইজের বিপক্ষে বেশিরভাগ সময়ই চাপে ছিলেন ফরাসি মিডফিল্ডাররা।

এমবাপ্পে বলেন, 'মাঝমাঠে বারবার আমরা ৩ বনাম ২ পরিস্থিতিতে পড়েছি। আর স্পেনের মতো দলের বিপক্ষে এটা বড় সমস্যা। সবকিছু মিলিয়ে ফলাফল দাঁড়িয়েছে হার। এটা ভীষণ হতাশার।'

টুর্নামেন্টে ফ্রান্সের সেমিফাইনাল পর্যন্ত যাত্রায় অন্যতম সেরা পারফর্মার ছিলেন এমবাপ্পে। দলের আক্রমণভাগের নেতৃত্ব দিয়ে তিনি করেছিলেন আট গোল, যা সমর্থকদের মধ্যে নতুন আশার জন্ম দিয়েছিল।

তবে টেক্সাসের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে স্পেনের আধিপত্যের সামনে থেমে যায় এমবাপ্পের আরেকটি বিশ্বকাপ ফাইনালের স্বপ্ন।

‘ভীষণ হতাশ’, তবু ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

হারের পর দলের মানসিক অবস্থার কথা জানিয়ে এমবাপ্পে বলেন, এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে হবে।

তিনি বলেন, 'ফাইনালে ওঠা আমাদের স্বপ্ন ছিল। আমরা চেয়েছিলাম নিজেদের দেশকে স্বপ্ন দেখার সুযোগ দিতে এবং ইতিহাস তৈরি করতে।'

'এখন আমাদের এই বাস্তবতার মুখোমুখি হতে হবে মাথা উঁচু করে। আমি বিশ্বাস করি, জয় এলে যেমন মাথা উঁচু রাখতে হয়, হারলেও তেমনই মাথা উঁচু রাখতে হয়।'

নিজের হতাশা প্রকাশ করে এমবাপ্পে বলেন, 'এই মুহূর্তে হতাশাটা অনেক বড়। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, দল এবং আমি কতটা হতাশ।

তবে দ্রুত ঘুরে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। এমবাপ্পে বলেন, 'যদিও অনেক সময় এটি যান্ত্রিক মনে হতে পারে, তবুও আমাদের নিজেদের সামলে নিতে হবে। ছুটিতে যেতে হবে, এরপর নতুন অধ্যায় শুরু করতে হবে। কারণ ফুটবল কারও জন্য অপেক্ষা করে না।'

তিনি আরও বলেন, 'আমাদের আবার শুরু করতে হবে, এই ব্যর্থতাকে পেছনে ফেলতে হবে এবং এখান থেকে শিক্ষা নিতে হবে।'

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram