ঢাকা
logo
প্রকাশিত : August 27, 2026

বিগত সরকারের আমলে বৈষম্য ও প্রতিকূলতার শিকার শাহজাহান সিরাজ কলেজ: শুক্লা

টাঙ্গাইল প্রতিনিধি: মহিলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেছেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহযোগিতা ও অবদান ছাড়া শাহজাহান সিরাজ কলেজ প্রতিষ্ঠা করা সম্ভব হতো না। তাঁর সহযোগিতায় সাত একরেরও বেশি জমি চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে সুবিশাল খেলার মাঠসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ তৈরি হয়। তাঁর এই অবদান আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।"

তিনি বৃহস্পতিবার কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, "এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমার পরিবারের গভীর আবেগ জড়িয়ে আছে। কলেজের শুরুর দিকে আমার মায়ের গহনা বিক্রি করা টাকা দিয়ে সহযোগিতা করা হয়েছিল। তাই এই প্রতিষ্ঠানের প্রতি আমার ভালোবাসা ও দায়বদ্ধতা অনেক বেশি। আমি আমৃত্যু এই কলেজের পাশে থাকতে চাই।"

বিগত সরকারের আমলে রাজনৈতিক বৈষম্যের অভিযোগ তুলে সারওয়াত সিরাজ শুক্লা বলেন, "গত সরকারের আমলে আমরা চরম বৈষম্য ও প্রতিকূলতার শিকার হয়েছি। এই দীর্ঘ সময়ে কলেজের জন্য এক টাকার উন্নয়নমূলক কাজও করা হয়নি। বাবার অনুরোধে আমি দায়িত্ব গ্রহণ করলেও বারবার আমার কমিটি ভেঙে দেওয়া হয়েছে, এমনকি আমাকে কলেজে প্রবেশ করতেও বাধা দেওয়া হয়েছে।"

তিনি আরো বলেন, "বাবার নামে কলেজের নামকরণের জন্য আমাকে সুপ্রিম কোর্টে প্রায় ছয় বছর আইনি লড়াই করতে হয়েছে। আইনি জয় পাওয়ার পরও কলেজের গেটে নামকরণের ফলকটি ঠিকমতো লাগাতে দেওয়া হয়নি।"

ভবিষ্যৎ উন্নয়নের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, "যে প্রতিষ্ঠান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল, আশা করি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে সেই শাহজাহান সিরাজ কলেজের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জিত হবে।"

আলোচনা সভা শেষে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কলেজের শিক্ষার্থীরা নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্বাধীনতার ইশতেহার পাঠক প্রয়াত শাজাহান সিরাজের স্ত্রী ও কলেজ পরিচালনা পরিষদের দাতা সদস্য রাবেয়া সিরাজ।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার অনুষ্ঠানটি উদ্বোধন করেন। শাহজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মো. আনোয়ার হোসেন সিদ্দিকী (আরিফ) ও মো. জনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram