ঢাকা
logo
প্রকাশিত : August 27, 2026

গাজীপুরে উচ্ছেদের আধা ঘণ্টার মধ্যেই ফের ফুটপাত হকারদের দখলে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরের ব্যস্ততম জয়দেবপুর বাজার ও রাজবাড়ী রোড এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান শেষ হওয়ার মাত্র আধা ঘণ্টার মধ্যেই ফের ফুটপাতে বসতে শুরু করেছেন হকাররা। এর আগে একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও অভিযান শেষ হওয়ার পর পুনরায় ফুটপাত দখলের অভিযোগ রয়েছে। ফলে বারবার অভিযান পরিচালনা করেও স্থায়ীভাবে ফুটপাত দখলমুক্ত রাখা নিয়ে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের নেতৃত্বে জয়দেবপুর বাজার ও রাজবাড়ী রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শতাধিক অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, 'রাজবাড়ী রোডের ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত থাকবে। এখন থেকে এখানে কোনো দোকানপাট বসানো কিংবা গাড়ি পার্কিং করতে দেয়া হবে না। জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত এবং গাজীপুর শহরকে যানজটমুক্ত ও সুশৃঙ্খল রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে।'

তিনি সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মীদের উচ্ছেদ করা এলাকা নিয়মিত তদারক করে দখলমুক্ত রাখার নির্দেশ দেন। পাশাপাশি কেউ নির্দেশনা অমান্য করে পুনরায় ফুটপাত দখল করলে পর্যায়ক্রমে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানান।

প্রশাসক আরও বলেন, 'শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, উচ্ছেদ করা জায়গা যাতে আবার দখল না হয়, সেটিও নিশ্চিত করতে হবে। নগরবাসীর চলাচলের অধিকার রক্ষায় সিটি কর্পোরেশন নিয়মিত নজরদারি করবে। ব্যবসায়ী ও হকারদেরও জনস্বার্থের বিষয়টি বিবেচনা করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।'

গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (ভারপ্রাপ্ত) মাহমুদ ফিরোজ আল মামুন বলেন, 'নগরবাসীর স্বাভাবিক ও নিরাপদ চলাচল নিশ্চিত করতেই ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রম জোরদার করা হয়েছে। আজকের অভিযানে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং দুই ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।'

তিনি বলেন, উচ্ছেদের পর পুনরায় কেউ ফুটপাত দখল করছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও দায়িত্ব দেয়া হয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদ অভিযান শেষ হওয়ার মাত্র আধা ঘণ্টার মধ্যেই হকাররা আবার ফুটপাতে পসরা সাজিয়ে বসতে শুরু করেন। এর আগে একই এলাকায় কয়েক দফা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও পরবর্তী সময়ে আবার হকাররা ফিরে এসে ফুটপাত দখল করে নেন। এতে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হয় এবং ব্যস্ত সড়কে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়।

নগরবাসী বলছেন, ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি উচ্ছেদের পর নিয়মিত নজরদারি, দখলকারীদের বিরুদ্ধে ধারাবাহিক আইনানুগ ব্যবস্থা এবং হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করা গেলে সমস্যাটির স্থায়ী সমাধান হতে পারে। শুধু অভিযান পরিচালনা করে আবার দখলের সুযোগ তৈরি হলে সরকারি অর্থ ও জনবল ব্যয় করে পরিচালিত অভিযান কাঙ্ক্ষিত ফল দেবে না।

অভিযানকালে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে সচিব (ভারপ্রাপ্ত) ফিরোজ আল মামুন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, ৪ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনসহ কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram