

বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেলেন লিটন দাস। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ককে কিনেছে গল গ্যালান্টস। প্লেয়ার্স ড্রাফটের আগেই কিপার-ব্যাটসম্যানকে দলে নেওয়ার খবর জানিয়েছে গল গ্যালান্টস।
লিটনকে দলে নিয়ে গল গ্যালান্টস লিখেছে, ‘বাংলাদেশ, তোমাদের তারকা এসে গেছে। গল গ্যালান্টসের হয়ে ২০২৬ এলপিএল আলোকিত করতে লিটন দাস প্রস্তুত।’
এখন পর্যন্ত দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সাবেক অধিনায়ক ও বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সাকিব আল হাসান এবং অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ খেলবেন জাফনা কিংসের হয়ে।
এলপিএলে দ্বিতীয়বার খেলবেন লিটন। ২০২৪ সালে গল টাইটান্সের হয়ে তিন ম্যাচ খেলেছিলেন। রান করেছিলেন ৩৪। এছাড়া আইপিএল, সিপিএল, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলেছেন লিটন। করাচি কিংস দলে সুযোগ পেলেও চোটের জন্য পিএসএলে খেলতে পারেননি।
সাকিব আগে এলপিএল খেলেছেন একবারই। ২০২৩ সালে তার দল ছিল গল টাইটান্স। পরের বছর তাসকিনের এলপিএলে অভিষেক হয়। খেলেছিলেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। এবার বাংলাদেশের তিন তারকা খেলবেন এলপিএলে। এছাড়া প্লেয়ার্স ড্রাফটে রয়েছে প্রায় এক ডজন খেলোয়াড়ের নাম।
টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ড্রাফট হবে আগামী সোমবার। পাঁচ দলের এই আসর শুরু হবে ১৭ জুলাই। শেষ হবে ৮ আগস্ট। বাংলাদেশের ক্রিকেটারদের এলপিএল খেলার সুযোগ রয়েছে। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলবে ১৯ জুলাই। এরপর ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার সুযোগ আছে। অস্ট্রেলিয়াতে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু ১৩ আগস্ট। এর সপ্তাহখানেক আগে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় যাবে।
