

স্প্যানিশ লা-লিগায় শেষ হোম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে বার্সেলোনা। রিয়াল বেটিসকে হারিয়ে চলতি মৌসুমে লিগে ঘরের মাঠে ১৯ ম্যাচের সবকটিই জিতল কাতালানরা। বার্সার পাশাপাশি এটি ছিল ক্যাম্প ন্যু'তে রবার্ট লেভানডোভস্কিরও শেষ ম্যাচ। মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন এই পোলিশ তারকা।
রোববার (১৭ মে) নিজেদের মাঠে রিয়াল বেটিসকে আতিথ্য দেয় বার্সা। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন রাফিনিয়া।
ম্যাচের ২৮তম মিনিটে রাফিনিয়ার দারুণ ফ্রিকে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধে আর গোল আসেনি। ১-০তে লিড নিয়েই বিরতিতে যায় কাতালানরা।
দ্বিতীয়ার্ধের ১৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ম্যাচের ৬৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান ইসকো।
তবে মিনিট পাঁচেক পরেই পর পেদ্রির পাসে গোল করেন ক্যান্সেলো, তাতেই নিশ্চিত হয় জয় বার্সার।
অপরদিকে, বার্সার মতো জয় পেয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। ভিনিসিউস জুনিয়রের গোলে সেভিয়াকে ১-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের ১৪তম মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। শেষ পর্যন্ত ওই এক গোলেই ভাগ্য নির্ধারিত হয়। দ্বিতীয়ার্ধে চোট কাটিয়ে ফেরা কিলিয়ান এমবাপ্পে গোল পেলেও তা অফসাইডে বাতিল হয়। ম্যাচজুড়ে সাতটি অন টার্গেট শট নিলেও গেটলক ভাঙতে পারেনি সেভিয়া।

