ঢাকা
logo
প্রকাশিত : November 5, 2026

শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব সাংবাদিক এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ থেকে দায়ের করা মামলা প্রত্যাহার, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহমেদ।

সমাবেশে বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ কাউসার ইকবাল, ইসমাইল মাহমুদ, সাংবাদিক কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, আনন্দবাজার পত্রিকার প্রতিনিধি এম মুসলিম চৌধুরী, দৈনিক সংগ্রামের প্রতিনিধি এম এ রব, দৈনিক করতোয়ার প্রতিনিধি নূর মোহাম্মদ সাগর, আমাদের কণ্ঠের শাকের আহমেদ, বিজনেস বাংলাদেশের প্রতিনিধি মিজানুর রহমান আলম, বাংলাদেশ প্রতিক্ষণের বার্তা সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, দৈনিক উত্তর-পূর্বকোণের প্রতিনিধি মামুন আহমেদ এবং সময়ের আলোর প্রতিনিধি শামসুল ইসলাম শামীমসহ স্থানীয় সাংবাদিকরা।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

এসব সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে গত ২৫ অক্টোবর প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব ও দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি এহসান বিন মুজাহির (এহসানুল হক)-এর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন, সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধান ও তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব। কিন্তু সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ভীতি ও চাপ তৈরির আশঙ্কা সৃষ্টি করছে।

তারা আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং জনস্বার্থে তথ্য প্রকাশের সুযোগ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে জনস্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের সুযোগ বাধাগ্রস্ত হলে সাধারণ মানুষের জানার অধিকার ক্ষুণ্ন হবে।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের ভয়ভীতি, হয়রানি, চাপ কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

সমাবেশ থেকে সাংবাদিক এহসানুল হকসহ সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ঘটনার স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram