

বাদশাহ্ সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে জাহিদ হাসান ওরফে বছির হত্যা মামলার চার্জশিট থেকে অধিকাংশ আসামির নাম বাদ দেওয়ার অভিযোগে কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের মালভাঙ্গা কেকতির পাড় গ্রামে ভুক্তভোগী পরিবার বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার হত্যার সাথে প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনতে পুনঃতদন্তের দাবি জানিয়েছে।
২০২৫ সালের ৪ ডিসেম্বর রাতে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের মালভাঙ্গা কেকতির পাড় গ্রামে পরিকল্পিতভাবে বছিরকে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন স্বজনরা। মামলা নম্বর ১০।
সংবাদ সম্মেলনে পরিবারের অভিযোগ, মামলার চার্জশিটে এক নম্বর আসামি আসাদুজ্জামান আসাদ ছাড়া বাকি ছয়জনের নাম বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি নিহতের বাবা-মাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করেছেন স্বজনরা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।
তাই সুষ্ঠু ও নিরপেক্ষ পুনঃতদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
