

সাইফুল ইসলাম সুমন, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: "শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৪ নভেম্বর) জুড়ী উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘রুম টু রিড’-এর জেন্ডার ইক্যুয়ালিটি পোর্টফোলিও (জিইপি) কার্যক্রমের আওতায় এবং উপজেলা প্রশাসনের নিবিড় সমন্বয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ফজলে রাব্বানী চৌধুরী।
জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম এর সভাপতিত্বে এবং রুম টু রিডের প্রোগ্রাম অফিসার চাঁদনী রায়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শাহ আহমেদ নুছায়ের, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম শেলু, জুড়ী থানার ওসি তদন্ত মোহাম্মদ আব্দুল মালিক, রুম টু রিড বাংলাদেশ এর মৌলভীবাজার অফিসের ম্যানেজার রতন চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক অফিসের কর্মকর্তা সুজাউদ্দৌলাসহ অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে রাব্বানী চৌধুরী জুড়ী উপজেলায় শিশুবিয়ে রোধকল্পে ইউনিয়ন পর্যায়ের বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিগুলো দ্রুত সক্রিয় করার নির্দেশ দেন। তিনি জানান, চলতি নভেম্বর মাসের মধ্যেই জুড়ী উপজেলার সকল ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার, সচিব, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইমাম এবং এনজিও প্রতিনিধিদের সমন্বয়ে এই কমিটি সক্রিয় করা হবে। উপজেলা মহিলা বিষয়ক অফিসের নিবিড় তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হবে এবং কমিটি গঠন ও পরিচালনায় প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে রুম টু রিড।
আয়োজকরা জানান, বিদ্যালয়ে মেয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে এবং তাদের উচ্চশিক্ষার পথ মসৃণ করতে রুম টু রিড ২০২২ সাল থেকে জুড়ী উপজেলার ৮টি বিদ্যালয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, শিশুবিয়ে যেন কোনো শিক্ষার্থীর পড়াশোনার অগ্রযাত্রায় বাধা হতে না পারে, সেই লক্ষ্যেই এই সমন্বয় সভার আয়োজন। সভায় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ সকলে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে শিশুবিয়ে রোধ করে কন্যাশিশুদের উচ্চশিক্ষার পথ সুগম করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রুম টু রিডের ফোকাল শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রী, সরকারি কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সাংবাদিকসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন।
