

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় ভোরে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী যানের ধাক্কায় নছিমন বিবি (৫০) নামের এক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নছিমন বিবি সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসন আলীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ছয়ঘরিয়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এ সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগামী যান তাঁকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
