

মোঃ আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আজ বুধবার (১ এপ্রিল) দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ।
তারা হলেন- নবীনগর পৌরসভার ৩ নং ওয়ার্ডের গোপীনাথপুর-মনতলা গ্রামের বাসিন্দা বাদল বর্মনের ছেলে আশিক বর্মন (১৬) এবং মহেশপুর গ্রামের মো. খলিল মিয়ার ছেলে আতিক ইসলাম (১৯)। এ ঘটনায় আশিক বর্মনের পিতা নবীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আশিক বর্মন পেশায় একজন আটোবাইক চালক, সে রাতে (৩১/৩/২৬) জরুরি কাজে ঘরের বাইরে যায়, রাতে আর বাড়িতে ফেরেননি। পরে বুধবার সকালে তার বাড়ি সংলগ্ন আম গাছে (ফাঁসি অবস্থায়) ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।
অন্যদিকে আতিক ইসলাম ঈদুল ফিতরের পর থেকেই নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে কোথাও পাওয়া যায়নি। আজ বুধবার সকালে তার বাড়ির পাশের পুকুরে মৃতদেহ ভাসতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে তার মরদহ উদ্ধার করে।
এ বিষয়ে নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, "পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।"

